নক-টেন টাইফুন: ফিলিপাইনে আড়াই লাখ পানিবন্দি, নিহত ৪
ফিলিপাইনে শক্তিশালী টাইফুনের আঘাতে কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ২ লাখেরও বেশি মানুষ। বাস্তুহারা হয়েছে দেড় লাখ মানুষ।
সোমবার আল-জাজিরার খবরে বলা হয়েছে, রোববার টাইফুনটি দেশটির পূর্ব উপকূলে আঘাত হানে, এবং সোমবার নাগাদ দেশটির পশ্চিম উপকূল দিয়ে এটি সরে যায়।
টাইফুনের আঘাতে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। এরইমধ্যে এসব এলাকার সহস্রাধিক গ্রাম প্লাবিত হয়েছে। সৃষ্ট জলোচ্ছাসে পানির নিচে তলিয়ে গেছে উপকূলীয় বিভিন্ন এলাকা। পানিবন্দি হয়ে পড়েছে ২ লাখ ৪৮ হাজার মানুষ। ভেঙে পড়েছে এসব এলাকার বহু গাছপালা ও অসংখ্য বাড়ি ঘর।
সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হেয়েছে, কমপক্ষে দেড় লাখ লোক বাস্তুছাড়া হয়েছে। ওইসব এলাকায় ত্রাণ সরবরাহের জন্য জরুরি তহবিল গঠন করতে সরকারের ত্রাণ তহবিলকে নির্দেশনা দেয়া হয়েছে।
এর আগে, খ্রিস্টানদের বড়দিনে (রোববার) ফিলিপাইনে সুপার টাইফুন নক-টেন আঘাত হানতে পারে এমন আশঙ্কায় দেশটির পূর্ব-উপকূল থেকে হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
মার্কিন যৌথ টাইফুন সতর্কতা সেন্টারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নক-টেন টাইফুন আঘাত হানার আগে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ২৪০ কিলোমিটার।
ফিলিপাইনের সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নক-টেন টাইফুন আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ২৪০ কিলোমিটার থেকে ২৯০ কিলোমিটার।