শীতের তীব্রতায় নাকাল আমেরিকা, চীন ও ভারত

ডেস্ক: এই মার্চ মাসেও শীতের তীব্রতায় নাকাল বিশ্বের কয়েকটি অঞ্চলের মানুষ। শৈত্য প্রবাহের কবলে পড়ে কাবু ভারতের উত্তরাঞ্চলের বাসিন্দারা। একইসঙ্গে তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে চীনসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের জনজীবন। এদিকে, মিনেসোটা ও সাউথ ডাকোটার পর আগামী মঙ্গলবার নিউইয়র্কে তুষার ঝড় আঘাত হানবে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া দপ্তর।

যুক্তরাষ্ট্র: তুষারের শক্ত আস্তরণে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার ঘরবাড়ি-রাস্তাঘাট। ব্যাহত হচ্ছে যান চলাচল। দুর্ঘটনা এড়াতে বেশ কিছু সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। প্রায় একই দৃশ্য উত্তর ক্যারোলিনারও। তবে গেল তিন বছরের মধ্যে এ এলাকাটিতে এবারই প্রথম তুষারপাত।

নিউইয়র্ক: তীব্র ঠান্ডায় বিপর্যয়ের মুখে নিউইয়র্কবাসী। সামনে আরো ভয়াবহ বিপদ সংকেত। জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার বছরের সবচেয়ে বড় তুষার ঝড় ‘স্টেলা’ আঘাত হানবে শহরটিতে। এ সময় ন্যূনতম ১২ থেকে ১৮ ইঞ্চি তুষার রেকর্ড করা হবে বলে আশঙ্কা করা হয়েছে। নিউইয়র্ক সিটিতে ১৯৬০ সালের পর মার্চ মাসে এমন তুষার ঝড়ের রেকর্ড এবারই প্রথম। আর তাই ঝড়ের খবরে মুষড়ে পড়েছে প্রবাসীরা।

চীন: ভারী তুষারপাতে বেহাল চীনের উত্তর-পশ্চিমের হাংসু প্রদেশের বিস্তীর্ণ এলাকা। এতে বিড়ম্বনায় স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনা এড়াতে চলাচলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

ভারত: তীব্র শৈত্য প্রবাহে ঘরকুনো হয়ে পড়েছে  ভারতের উত্তরাঞ্চলের বাসিন্দারা। শীতের তীব্রতা থেকে রেহাই পেতে অনেকে ঝুঁকি নিয়ে ঘরের ভেতর  আগুন জ্বালিয়ে রাখছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হিমাচল প্রদেশের শিমলাসহ বেশ কিছু সড়কে বরফ জমে থাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

আপনার মতামত