ভারতে তীব্র তাপদাহ, তাপমাত্রা ৪৯.৩ ডিগ্রি সেলসিয়াস

ডেস্ক: তীব্র তাপদাহের কবলে পড়েছে ভারতের উত্তর ও মধ্যাঞ্চল। বিশেষ করে মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, পাঞ্জাব, ছত্তিশগড় ও গুজরাটে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন।  আগামী ১ সপ্তাহ তাপদাহ থাকবে বলে পূর্বাভাষ দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। গেল এক সপ্তাহ ধরে পরিস্থিতি আরো ভয়াবহ রুপ নিয়েছে। দিনের বেলায় রাস্তায় মানুষের দেখা মিলছে কম। জীবিকার তাগিদে যারা বের হচ্ছেন তাদের চলতে হচ্ছে ছাতা মাথায় দিয়ে কিংবা মুখে কাপড় বেধে। তীব্র রোদ আর গরমে নাকাল হচ্ছে সাধারণ মানুষ।

গত মঙ্গলবার ছত্তিশগড়ের বিলাশপুর জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৪৯.৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া উত্তর ও মধ্যাঞ্চলে বিভিন্ন রাজ্যে তাপমাত্রা উঠানামা করছে ৪০ থেকে ৪৭ ডিগ্রির মধ্যে। ভারতের আবহাওয়া বিভাগের আঞ্চলিক পরিচালক প্রকাশ রাখে জানিয়েছে, “এখন পর্যন্ত তাপমাত্র ৪৯.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা অস্বাভাবিক। আগামী ১ সপ্তাহে তাপমাত্রা আরো বাড়তে পারে। দিনে বাইরে বের হওয়া আগে অবশ্যই সবার সতর্কতামূলক ব্যবস্থা নেয়া উচিত।”

এদিকে প্রচণ্ড গরমে জীবযন্তু ও পশুপাখির জীবনও সঙ্কটাপন্ন হয়ে উঠেছে। উল্লেখ্য গত বছর ভারতে তীব্র তাপদাহে ৭ শতাধিক মানুষের মৃত্যু হয়। চলতি বছর বেশ কয়েক দফায় গরম অনুভূত হবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

আপনার মতামত