মহাকাশ থেকেও দেখা গেছে চিলির দাবানল
ডেস্ক: চিলির ভয়াবহ দাবানলের দৃশ্য মহাকাশ থেকেও দেখা গিয়েছে। সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, স্যাটেলাইটের ছবিতে শুধু আগুনই দেখা গেছে তাই নয়। এরফলে পরিবেশে যে বিরূপ প্রভাব পড়েছে তাও ফুটে উঠেছে সেসব ছবিতে।
গত ১৮ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী দাবানলে দেশটির ৪ লাখ ৬৭ হাজার হেক্টর এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। যার ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার। ভয়াবহ আগুন থেকে বাঁচতে স্থানীয় সহস্রাধিক মানুষকে সরিয়ে নেয়া হয়।
শুক্রবার দেশটির ন্যাশনাল ফরেস্ট্রি কর্পোরেশন জানায়, দাবানলের কারণে এই পর্যন্ত ১১ জন প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশই দমকল কর্মী। এই দাবানলে কোকুইম্বো ও লা অ্যারাউকানিয়া অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সংস্থাটির দাবি, চিলির দাবানলটি চলতি শতাব্দির অন্যতম ভয়াবহ ও প্রলয়ঙ্করী হিসেবে ধরা হচ্ছে। দেশটির ইতিহাসেও এটিই সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, স্যাটেলাইটের ছবিতে দাবানল থেকে সৃষ্ট ধোঁয়ার ছবিও মিলেছে। দেখা গেছে, সেই ধোঁয়া চিলি অতিক্রম করে প্রশান্ত মহাসাগরের ২ হাজার কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে।
চিলির দাবানল নিয়ন্ত্রণে প্রায় ২০ হাজার দমকল কর্মী ও স্বেচ্ছাসেবী অংশ নেয়। এছাড়াও ৪৯টি হেলিকপ্টার ও বিমান মোতায়েন করা হয়। সরকার এই ক্ষতি কাটিয়ে উঠতে ৩৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার প্রয়োজন বলে প্রাথমিকভাবে ধারণা করছে।