হারিকেন হারমাইনের আঘাতে লন্ডভন্ড ফ্লোরিডা, ব্যাপক ক্ষয়ক্ষতি

ডেস্ক:  যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হারিকেন হারমাইনের আঘাতে একজনের মৃত্যু এবং ব্যাপক ক্ষতি হয়েছে। সেখানে এ শক্তিশালী ঝড়ে প্রায় তিন লাখ ঘরবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্টানের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিগত এক দশকের মধ্যে ফ্লোরিডায় এটি ছিল প্রথম হারিকেনের আঘাত।

হারিকেন হারমাইন শক্তি হারিয়ে এখন একটি গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে। এটি উত্তর-পূর্বদিকে চলে যাচ্ছে। এতে নর্থ ক্যারোলাইনা, মেরিল্যান্ড ও ভার্জিনিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ফ্লোরিডার অধিকাংশ এলাকায় জরুরি অবস্থা বলবৎ রয়েছে।

এ রাজ্যে পানি জমে যাওয়ায় সেখানে উদ্বেগ দেখা দিয়েছে। কেননা, রাজ্যটি মশা বাহিত জিকা ভাইরাস দমনে লড়াই করছে।
হারিকেনের কারণে সৃষ্ট ঝড়-বৃষ্টিতে ফ্লোরিডার উপকূল এলাকায় বন্যা দেখা দিয়েছে।

ন্যাশনাল ওয়াটার সার্ভিস জানায়, হারিকেনের প্রভাবে সিডার কি শহরে সাড়ে ৯ ফুটেরও বেশী পানি বেড়ে গেছে। সেখানে এ যাবৎ কালের মধ্যে দেখা সবচেয়ে বড় বন্যার ঘটনা।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এসময় ঝড়ের আঘাতে তাঁবুর উপর গাছ ভেঙ্গে পড়ায় ৫৬ বছর বয়সী এক ব্যক্তি মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি এসময় সেখানে ঘুমাচ্ছিলেন।

শুক্রবার ভোরে আঘাত হানার পর হারমাইন ফ্লোরিডা ও জর্জিয়ার ওপর দিয়ে বয়ে যায়।
পরে এটি দুর্বল হয়ে একটি গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে পরিণত হয় এবং সাউথ ক্যারোলাইনার ওপর দিয়ে চলে যায়। স্থানীয় কর্মকর্তরা জানান, বিভিন্ন রাস্তা তলিয়ে যায় এবং অনেক গাছপালা ভেঙ্গে পড়ে ও বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়।

আপনার মতামত