লাদাখ থেকে সেনা প্রত্যাহারে সম্মত ভারত-চীন
আন্তর্জাতিক ডেস্ক: লাদাখ নিয়ে চীন ও ভারতের সমঝোতা অনুযায়ী, প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ থেকে দুই দেশের সেনারা আগের অবস্থানে ফিরে যাবে। ভারতের পার্লামেন্টে এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
প্যাংগং লেকের উত্তরের তীর থেকে চীনা সেনারা পূর্ব দিকে নিজেদের স্থায়ী শিবিরে যাবে। আর ভারতীয় সেনারাও ফিঙ্গার পয়েন্ট চার থেকে সরে গিয়ে স্থায়ী শিবিরে ফিরে যাবে। তবে সেনা সরবে পর্যায়ক্রমে। ফলে ফিঙ্গার পয়েন্ট চার থেকে আট পর্যন্ত কারও দখলে থাকবে না। পেট্রোলিং এখন বন্ধ থাকবে।
রাজনাথ জানিয়েছে, আলোচনা চলতে থাকবে। আরও কিছু বিষয়ের সমঝোতা হওয়ার বাকি আছে। ভারত জানিয়ে দিয়েছে, দুই পক্ষকে এলএসি মানতে হবে। কেউ একতরফা কোনও পরিবর্তন করতে পারবে না। কোনও জমি দখল করতে পারবে না। ৪৮ ঘণ্টার মধ্যে দুই দেশের সেনাবাহিনীর কর্মকর্তারা আবার আলোচনায় বসে বাকি বিষয়ে সমঝোতার চেষ্টা করবে।
অপরদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের কোর কমান্ডার পর্যায়ের বৈঠকে সেনা সরানো নিয়ে মতৈক্য হয়েছে। দুই সরকারের সম্মতিতে যে মানদ- তৈরি হয়েছিল তা মেনেই প্যাংগং থেকে সেনা সরানো নিয়ে সমঝোতা হয়েছে। বুধবারও বৈঠক হয়েছে। তবে এখনও সেনা সরানোর কাজ শুরু হয়নি। সেনা ও কামান সরাতে কয়েকদিন সময় লাগে। তাই অন্তত তিন-চার দিন সময় লাগবেই। আর আলোচনায় এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে সেনা সরানোর কাজ শুরু হবে বলে ঠিক হয়েছে।