মিয়ানমারে গ্রাম পোড়ালো সেনা, মৃত্যু ২

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের মধ্যাঞ্চলীয় একটি গ্রাম আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। অভিযোগ করা হচ্ছে, দেশটির সামরিক বাহিনী এই ঘটনা ঘটিয়েছে। তবে সরকারের দাবি, ‘সন্ত্রাসীরা’ আগুন লাগিয়ে সামরিক বাহিনীকে দোষারোপ করছে। ওই আগুনে পুড়ে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে।

কিন মা নামে ওই গ্রামের বাসিন্দারা বিবিসি’কে জানিয়েছে, সামরিক বাহিনীর দেয়া আগুনে সেখানকার ২৪০টি ঘরের মধ্যে ২০০টিই পুড়ে ছাই হয়ে গেছে।
তারা জানিয়েছে, জান্তা সরকারের বিরোধিতা করা স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সামরিক বাহিনীর সংঘর্ষের পর গ্রামটিতে আগুন দেয়া হয়।
অবশ্য মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে অগ্নিকা-ের জন্য ‘সন্ত্রাসীদের’ দায়ী করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সামরিক বাহিনীর দুর্নাম করতে পরিকল্পিতভাবে গ্রামটিতে আগুন দেয়া হয়েছে বলে দাবি করেছে মিয়ানমারের এমআরটিভি।
স্থানীয় এক বাসিন্দা বিবিসিকে জানিয়েছে, গত মঙ্গলবার পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সঙ্গে সামরিক বাহিনীর সংঘর্ষ হয়। মিয়ানমারের নতুন জান্তা সরকারের বিরোধী ওই সংগঠনটি দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র নিয়ে সামরিক বাহিনীর সঙ্গে লড়াই শুরু করেছে।

পিডিএফ সদস্যরা পিছু হটলে তারা (নিরাপত্তা বাহিনী) গ্রামে আসে এবং আগুন দেয়া শুরু করে। এতে প্রায় পুরো গ্রামটাই পুড়ে ছাই হয়ে গেছে।

আপনার মতামত