ভারত থেকে মুসলিমদের বাংলাদেশে পাঠাবে আরএসএস!

 ‘মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের যেভাবে মেরে-কেটে বিতাড়ন করা হচেছ, অনুরূপভাবে ভারতের আসামের মুসলিম অধ্যুষিত চারটি জেলায় চলবে মুসলিমদের ওপর অত্যাচার। ভারতের জাতীয় নাগরিকপঞ্জিতে (এনআরসি) নাম নেই এবং ডি-ভোটার (সন্দেহজনক ভোটার) মুসলিমদের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের বিশেষ ক্যাডাররা ধরে ধরে বাংলাদেশে পাঠাবে।’
এ ধরণের গুজবে আসামের দক্ষিণ শালমারা-মানকাচার জেলাসহ হাটশিঙিমাটি এলাকার জনসাধারণের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ছড়ানো বার্তা সম্পর্কে তদন্ত করে একে গুজব বলে জানিয়ে এতে কাউকে ভীত-সন্ত্রস্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। গুজবটি কোন দুষ্টচক্র ছড়িয়েছে তার সন্ধানে নেমেছে প্রশাসন। এ কথা জানিয়েছে পুলিশ সুপার অমৃতকুমার ভূঁইয়া।
রোববার ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক যুগশঙ্খ এমন খবর দিয়েছে। পত্রিকাটি লিখেছে, গত দুই মাস আগে আরএসএস-ভ্যাকসিনকে কেন্দ্র করে আসামের সংখ্যালঘু অঞ্চলে ব্যাপক আতঙ্ক বিরাজ করেছিল। এবার নতুন করে জেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে আরএসএস-এর স্পেশাল আর্মি গুজবে নতুন এক আতঙ্কের সৃষ্টি করেছে।
গুজবে বলা হয়েছে, আসাম রাজ্য সরকার নাকি মুসলিম অধ্যুষিত জেলাগুলিতে মুসলমানদের ডি-ভোটারের তকমা দিয়ে আরএসএস-এর বিশেষ আর্মির মাধ্যমে শারীরিক অত্যাচার-নির্যাতন চালিয়ে তাদের বাংলাদেশে পাঠাবে। তাছাড়া চলমান এনআরসি (জাতীয় নাগরিকপঞ্জি)তে ভুল প্রমাণপত্র দাখিল করা হয়েছে বলেই এই গুজব রটানো হয়েছে। আর এ সবকিছুই হবে মিয়ানমারের আদলে।
এ ঘটনাকে সম্পূর্ণ গুজব বলে জানিয়ে মানকাচারের পুলিশ সুপার অমৃতকুমার ভূঁইয়া বলেছে, সমাজে কতিপয় অশুভ চক্র সক্রিয় এসব গুজব ছড়াচ্ছে। এসব গুজবে কান না দেয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আপনার মতামত