জরুরি অবস্থা জারি: নিউইয়র্কে ধেয়ে আসছে ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ানক ঘূর্ণিঝড়
আন্তর্জাতিক ডেস্ক: আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হেনরি’ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে। এরই মধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশটির নিউইয়র্ক রাজ্যে। রোববারই (২২ আগস্ট) ঘূর্ণিঝড়টি আঘাত হানার বিষয়ে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এ ছাড়া আকস্মিক বন্যা ও পানিচ্ছ্বাসের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে নিউইয়র্ক ও নিউ ইংল্যান্ডের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঘূর্ণিঝড়টি। এছাড়া ২৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতসহ তিন থেকে পাঁচ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসও হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এলাকাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।
এ অবস্থায় জরুরি অবস্থা জারি করেছে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু ক্যুমো।
উল্লেখ্য, সর্বশেষ ১৯৯১ সালে নিউ ইংল্যান্ডে সবশেষ আঘাত হানে শক্তিশালী হারিকেন বব। এ ঝড়টি যে গতিতে ধেয়ে আসছে তাতে নিউইয়র্ক উপকূলে এটিই হতে পারে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ানক ঘূর্ণিঝড়।