চীনে ছুরি-হামলায় নিহত ৭

চীনে ছুরি-হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে ছুরি-হামলায় অন্তত সাতজন প্রাণ হারিয়েছে, আহত হয়েছে আরও সাতজন। গত রোববার দেশটির কাইয়ুয়ান শহরে এ ঘটনা ঘটেছে।

কাইয়ুয়ানের জননিরাপত্তা ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, ছুরি-হামলার ঘটনায় ইয়াং নামে সন্দেহভাজন এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, হামলায় আহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। তিনি হামলাকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়।

চীনে এধরনের ছুরি-হামলার ঘটনা নতুন কিছু নয়। গত জুনেই দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়াংজি অঞ্চলে একটি এলিমেন্টারি স্কুলে ছুরি-হামলায় ৩৭ শিশুসহ অন্তত ৩৯ জন আহত হয়েছিলো।

২০১৮ সালের অক্টোবরে চংকিং শহরে একটি কিন্ডারগার্টেন স্কুলে রান্নার ছুরি নিয়ে হামলা চালায় এক নারী। এতে জখম হয় অন্তত ১৪ শিশু।
একই বছরের এপ্রিলে শানজি প্রদেশের একটি মিডল স্কুলে ছুরি-হামলা চালিয়ে নয় শিক্ষার্থীকে হত্যা করে এক ব্যক্তি। পরে তাকে মৃত্যুদ- দেওয়া হয়।

২০১৭ সালে চীনের একটি কিন্ডারগার্টেন স্কুলের দেওয়াল বেয়ে উঠে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ১১ শিশুকে আহত করে এক ব্যক্তি।
তবে দেশটিতে ছুরি-হামলার সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছিল সম্ভবত ২০১০ সালে। সেসময় টানা তিনদিন চীনের বিভিন্ন স্কুলে ছুরি-হামলা চালিয়েছিল দুষ্কৃতরা। এঘটনার জেরে জরুরি ভিত্তিতে দেশটির সব স্কুলে নিরাপত্তা জোরদার এবং অপরিচিতদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করে চীনা শিক্ষা মন্ত্রণালয়।

আপনার মতামত