কাতারে ফের আলোচনায় তালেবান-আফগান সরকার
আন্তর্জাতিক ডেস্ক: প্রায় দুই দশক ধরে চলমান যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে আফগান সরকারের প্রতিনিধি এবং তালেবানের মধ্যে কাতারে ফের শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার (০৫জানুয়ারি) এই আলোচনার অন্যতম প্রধান আলোচ্যসূচি রাখা হয়েছে যুদ্ধপরবর্তী আফগানিস্তানে দেশব্যাপী যুদ্ধবিরতি। এছাড়া হাজার হাজার তালেবান যোদ্ধা ও সরকারের অনুগত মিলিশিয়াদের নিরস্ত্রীকরণ, নারী ও সংখ্যালঘুদের অধিকারের বিষয়টিও এজেন্ডায় রয়েছে।
এর আগে প্রথম গত সেপ্টেম্বরমাসে যুদ্ধরত দুটি পক্ষের মধ্যে প্রথম পর্বের শান্তি আলোচনা শুরু হয় যেটা গতমাসে শেষ হয়। ওই আলোচনায় উভয়পক্ষ বিচার বিভাগীয় নিয়মাবলী নিয়ে ঐক্যমতে পৌঁছায়।
শান্তি আলোচনার বিষয়ে সরকারের আলোচনা টিমের সদস্য নাদের নাদেরি টুইটারে বলেন, দীর্ঘস্থায়ী শান্তি চুক্তি হতে অন্তর্ভুক্তিমূলক এবং সকল আফগান নাগরিকের মতামতের ভিত্তিতে। এটা স্পষ্ট যে আমাদের জনগণের অগ্রাধিকার হলো যুদ্ধবিরতি এবং অবশ্যই আলোচনায় এটিকে অগ্রাধিকার দিতে হবে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, শান্তি আলোচনার এজেন্ডায় তালেবান এবং সরকারের প্রতিনিধিরা অনেকগুলো প্রস্তাব জমা দিয়েছে। কিন্তু কোন বিষয়গুলো অগ্রাধিকার পাবে সে বিষয়ে কোনো সম্মতি হয়নি।
গত বছরের ২৯ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় আফগানিস্তানে দীর্ঘ দেড় যুগের সহিংসতা বন্ধে ঐকমত্যে পৌঁছায় যুক্তরাষ্ট্র ও তালেবান। দেশটিতে শান্তি ফিরিয়ে আনতে দুই পক্ষ শান্তি চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে নিজেদের সেনা সরিয়ে নেয়ার ব্যাপারে রাজি হয় যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট।