ইসলামী ব্যাংকিং-এর নামে অলটারনেটিভ ব্যাংকিং হচ্ছে : খোন্দকার ইব্রাহিম খালেদ

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন, ইসলামী ব্যাংকিংয়ের নামে অনেক প্রশ্ন আছে। দেশের ইসলামী ব্যাংকগুলো ইসলামি ব্যাংকিং না করে অলটারনেটিভ ব্যাংকিং করছে। ইসলামী ব্যাংকিংয়ে লাভ-লোকসানে উভয়ের অংশীদারিত্ব থাকার কথা হলেও লোকসানের অংশীদার হচ্ছেন না গ্রাহক।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট মিলনায়তনে প্রতিষ্ঠানটির গবেষণাপত্র প্রকাশ অনুষ্ঠানের আলোচনায় তিনি এ কথা বলেন।

ইব্রাহিম খালেদ বলেন, আমার কাছে মনে হয়েছে, সময় এসেছে ইসলামী ব্যাংকিং আইন করার। যদিও এটি খুব সহজ কাজ নয়। ধৈর্য্য সহকারে করা গেলে ইসলামী ব্যাংকগুলো বাঁচানো সম্ভব। ইসলামী ব্যাংকিংয়ের নামে অনেক প্রশ্ন আছে, সেগুলোর সমাধান করা সম্ভব।

তিনি বলেন, অ্যাকশন ডাজনট ফলো সুপারভিশন বাংলাদেশ ব্যাংক। একটি ব্যাংকের পরিচালকের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বরাত দিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে, তাকে সরিয়ে দিতে কোন প্রবলেম নাই। তারপরও সরাতে পারেনি, কারণ ব্যাংকগুলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের দুর্বলতা আছে। আমি‍ও বাংলাদেশ ব্যাংকে ছিলাম, আমিও দুর্বলতার ভাগি।

বিআইবিএম এর সুপারনিউমারি অধ্যাপক হেলাল আহমেদ চৌধুরী বলেন, ইসলামী ব্যাংক আইন হওয়া দরকার। জমির অভাবে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) প্রকল্প হাতে নেওয়া যাচ্ছে না।

বিআইবিএম মহাপরিচালক প্রফেসর ড. তৌফিক  আহমাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু হেনা মোহা. রাজি হাসান। স্বাগত বক্তব্য দেন, বিআইবিএম পরিচালক প্রফেসর ড. প্রশান্ত কুমার ব্যানার্জি প্রমুখ।

আপনার মতামত