৬০০ কোটি ডলার বরাদ্দ পাচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো সংস্থাটির ১২টি শান্তিরক্ষা মিশনের আগামী বছরের জন্য প্রায় ৬০০ কোটি ডলার বাজেটে সম্মত হয়েছে। গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের বাজেট কমিটি ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ব্যয়ের জন্য এই বরাদ্দে সম্মত হয়। গতকাল বুধবার সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে এই বাজেট অনুমোদন দেবে। কূটনীতিকরা বলছে, এই বাজেট বরাদ্দের মধ্য দিয়ে শান্তিরক্ষা মিশনের সম্ভাব্য বন্ধ হয়ে যাওয়া অল্পের জন্য রক্ষা পেলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা সোমবার জানায়, বিভিন্ন শান্তিরক্ষা মিশনকে পরামর্শ দেওয়া হয়েছিল ৩০ জুনের মধ্যে নতুন বাজেট গ্রহণ করা না হলে জরুরি পরিকল্পনা করার প্রস্তুতি নিতে।
কয়েকজন কূটনীতিক জানায়, আলোচনা প্রক্রিয়ায় পরিবর্তন, লজিস্টিকস নিয়ে বিরোধ এবং চীনের বিরুদ্ধে পশ্চিমাদের কঠোর অবস্থানের বাজেট বরাদ্দে সমঝোতা বিলম্বিত হওয়ার হুমকি তৈরি হয়েছিল।