ভারতের করোনা পরিস্থিতিকে আরও জটিল করেছে ব্ল্যাক ফাঙ্গাস
আন্তর্জাতিক ডেস্ক: মিউকরমাইকোসিস হল ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাকের সংক্রমণ; বিরল অথচ প্রাণঘাতি এই রোগ করোনার পায়ে পায়ে ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে।
গত বসন্তের যে দ্বিতীয় ঢেউ ভারতকে একপ্রকার গ্রাস করে নিয়েছিল, তার জন্য মোটেও প্রস্তুত ছিলো না টিকিৎসকরা। মানুষের প্রাণ বাঁচাতে সে সময় মরিয়া চেষ্টা নিতে হয়েছে হাসপাতালগুলোকে। আর তাতেই প্রাণঘাতি আরেক ভয়ঙ্কর ব্যাধি মিউকরমাইকোসিস ছড়িয়ে পড়ার ক্ষেত্র প্রস্তুত হয়েছিল বলে বিশেষজ্ঞদের ধারণা।
এই ছত্রাক বাসা বাঁধে মূলত মানবদেহে মৃত কলার ওপর। সে কারণেই এর আরেক নাম ব্ল্যাক ফাঙ্গাস। ভারতে মাত্র তিন সপ্তাহের ব্যবধানে কালো ছত্রাকে আক্রান্তের সংখ্যা ৩০ হাজারে পৌঁছায়।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দেশটির রাজ্যগুলোতে গত কিছুদিনে অন্তত দুই হাজার ১০০ রোগীর মৃত্যু হয়েছে মিউকরমাইকোসিসে।
পর্যাপ্ত বরাদ্দের অভাবে ভারতের স্বাস্থ্য খাতের স্বাস্থ্য আগে থেকেই দুর্বল, তার মধ্যেই গত এপ্রিলে আঘাত হানে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। সংক্রমণ আর মৃত্যু বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে শয্যা, অক্সিজেন, আইসিইউ আর প্রয়োজনীয় অন্যান্য সামগ্রীর অভাব আরও স্পষ্ট হতে থাকে।
এর মধ্যেই ভারতের ১৪০ কোটি মানুষকে সুরক্ষা দেওয়ার কঠিন কাজটি আরও বেশি কঠিন করে তোলে মিউকরমাইকোসিস।
হাড় এবং প্রাণ কোষ খেকো এই ছত্রাক পাকস্থলী, অন্ত্র, ফুসফুস, চামড়া এবং সাইনাসে আক্রমণ করতে পারে। সময়মত চিকিৎসা না করলে এটা চক্ষুকোটর এবং মস্তিষ্কেও ছড়িয়ে পড়তে পারে।
এর চিকিৎসাও বেশ জটিল। বেশিরভাগ সময় রোগীকে বাঁচাতে গিয়ে অস্ত্রোপচার করে তার কোনো অঙ্গ কেটে ফেলতে হয়। এর ওষুধ অপ্রচলিত এবং অত্যন্ত ব্যয়বহুল। এ রোগে মৃত্যু হার ৫০ শতাংশের বেশি।