পাথরখনির বিস্ফোরণে তছনছ ভারতের শিবমোগা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে কর্ণাটকের একটি পাথরখনি এলাকায় প্রবল বিস্ফোরণে অন্তত বহু লোকের হতাহতের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের মাত্রা এতটাই শক্তিশালী ছিল যে কয়েক কিলোমিটার দূরেও অনুভূত হয়েছে এর প্রভাব। তবে বিস্ফোরণটি ডিনামাইট নাকি অন্য কোনো কিছুর কারণে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাতে কর্ণাটকের শিবমোগা এলাকায় শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এর প্রভাব এতটাই তীব্র ছিল যে, অনেকে এটিকে ভূমিকম্প মনে করেছে। বিস্ফোরণের ধাক্কায় ১৫ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
বিস্ফোরণস্থলের কাছাকাছি এলাকার রাস্তায় বড় ফাটল দেখা দিয়েছে। ভেঙে পড়েছে অসংখ্য বাড়ির জানালার কাচ। এসময় আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসে লোকজন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আবালাগিরি গ্রামের হোনাসুদির কোনো পাথরখনিতে বিস্ফোরণটি হতে পারে। তবে আরও বিস্ফোরক থাকতে পারে আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ ঢুকতে পারেনি। এর বদলে বোম্ব স্কোয়াড ডাকা হয়েছে। অবরুদ্ধ করে দেয়া হয়েছে গোটা এলাকা।