ধুঁকছে নকিয়া, ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: ভালো নেই নকিয়ার অবস্থা। ফিনল্যান্ডভিত্তিক এই মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান এবার বিশ্বব্যাপী ৫ হাজার থেকে ১০ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে।
ব্যয় সংকোচনের অংশ হিসেবে আগামী দুই বছরের মধ্যে এ কর্মী ছাঁটাই করবে কোম্পানিটি। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২০১৫ সাল থেকেই কোম্পানিটি কর্মী ছাঁটাই করে আসছে। এখন পর্যন্ত হাজার হাজার কর্মী ছাঁটাই হয়েছে। এবার ৬০০ মিলিয়ন ইউরো ব্যয় কমানোর লক্ষ্যে কোম্পানিটি আবারও ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল।
নতুন ছাঁটাই কর্মসূচি অনুযায়ী, ফিনল্যান্ডে কোম্পানিটির সদর দপ্তরের আনুমানিক ৩০০ কর্মীকে এবার ছাঁটাই করা হতে পারে। গত বছর ফ্রান্সে সহস্রাধিক কর্মী ছাঁটাই করেছিল নকিয়া। কয়েক বছর ধরে প্রায় সব দেশে কোম্পানিটি কর্মী ছাঁটাই করে চলেছে।