জার্মানিতে আবারও সন্ত্রাসী হামলা

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির আন্তঃনগর ট্রেনে ছুরি হামলার ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছে। হামলার পরপরই ট্রেনের যাত্রীদের সহায়তায় মূল হামলাকারী ২৭ বছর বয়সী সিরীয় নাগরিককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় আহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

জার্মানিতে আবারও সন্ত্রাসী হামলা। শনিবার (৬ নভেম্বর) জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের পাসাউ থেকে হামবুর্গগামী দ্রুততম আন্তঃনগর ট্রেনে ছুরি হামলার ঘটনা ঘটে। এই হামলায় তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তবে কী কারণে এই হামলার ঘটনা সে বিষয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চলন্ত ট্রেনটি বায়ার্নের রেগেন্সবুর্গ ও নুইরনবার্গ মাঝামাঝি পৌঁছালে ২৭ বছর বয়সী যাত্রীবেশী সিরিয়ান আব্দাল রাহমান ধারালো ছুরি হাতে নিরীহ ট্রেন যাত্রীদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আতংকিত যাত্রীরা ভয়ে এদিক সেদিক ছোটাছুটি করেন। পরে অন্য যাত্রী ও রেলের কর্মকর্তারা স্থানীয় পুলিশে খবর দেয়।

ট্রেনটি স্থানীয় একটি স্টেশনে থামলে যাত্রীদের সহায়তায় হামলাকারীকে গ্রেপ্তারে সক্ষম হয় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। হামলায় তিন যাত্রী আহত হলেও রক্ষা পায় কমপক্ষে তিনশ’ ট্রেনযাত্রী। পরে আইনশৃঙ্খলা, দমকল বাহিনী ও উদ্ধার কর্মীদের সহায়তায় ট্রেন থেকে একে একে বের করে আনা হয় সব যাত্রীকে।

পুলিশ জানায়, হামলাকারী আব্দাল রাহমান রাজনৈতিক আশ্রয় লাভের আশায় ২০১৪ সালে সিরিয়া থেকে জার্মানিতে আসে। যদিও রাজনৈতিক আশ্রয় লাভে ব্যর্থ হন তিনি। এই ঘটনায় জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট জেহফারসহ রাজনৈতিক ব্যক্তিরা আহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় যাত্রী, আইনশৃঙ্খলা বাহিনী ও রের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।

আপনার মতামত