গ্রিস জুড়ে জ্বলছে ১৫৪টি দাবানল
আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস। দেশটির ছয়টি অঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা।
গ্রিসের রাজধানী এথেন্সের উপকণ্ঠে পৌঁছে গেছে দাবানল। ধোঁয়ায় ঢেকে গেছে এ অঞ্চল। সেখান থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। কাছেই অবস্থিত এভিয়া দ্বীপেও আগুন জ্বলছে। দ্বীপের বাসিন্দা এবং পর্যটকদের মাছধরা নৌকা ও ফেরিতে করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল পৌঁছে গেছে ঐতিহাসিক অলিম্পিয়া শহরের কাছাকাছি।
দাবানলে মৃতদের মধ্যে এক অগ্নিনির্বাপণকর্মী ছাড়াও এথেন্সের চেম্বার অব কমার্সের সভাপতি কনস্তানতিনোস মাইকেলোস রয়েছে। তাকে দাবানলের কাছে একটি কারখানায় অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাঁর মৃত্যু হয়। আর ৩৮ বছর বয়সী ওই অগ্নিনির্বাপণকর্মীর ওপর একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়লে মারা যায় সে। আগুনে আরও ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গ্রিসজুড়ে ১৫৪টি দাবানল নিয়ন্ত্রণে মাঠে নেমেছে শত শত অগ্নিনির্বাপণকর্মী।