কাশ্মীরে বিক্ষুব্ধ মুসলিম জনতার উপর পুলিশের হামলা
নিউজ নাইন২৪ডটকম, ডেস্ক: ভারত শাসিত কাশ্মীরে বুধবার (১৩ এপ্রিল) বিক্ষুব্ধ বাসিন্দাদের উপর হামলা চালিয়েছে পুলিশ।
এক কিশোরীকে উত্যক্ত করার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়া জনতার ওপর সেনা সদস্যদের গুলিতে তিন বেসামরিক নাগরিক নিহত হওয়ার একদির পর বিক্ষুব্ধ জনতার উপর পুলিশ এ হামলা করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, ভারত ও পাকিস্তানকে বিভক্ত করা কার্যত কাশ্মীর সীমান্তের কাছের হ্যান্ডওয়ারা শহরের উত্তরাঞ্চলে উত্তেজিত জনতা সৈন্যদের একটি বাংকার ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সেখানে আগুন ধরিয়ে দেয়ায় সেনা সদস্যরা মঙ্গলবার বিক্ষোভকারীদের ওপর গুলি বর্ষণ করে।
কাশ্মীর পুলিশের মহাপরিচালক কে রাজেন্দ্র জানান, সেখানে দুই বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং কাছের একটি মাঠে কর্মরত এক নারী গুলিতে মারাত্মকভাবে আহত হয়। পরে তার মৃত্যু হয়। হাসপতালে থাকা আহত অপর বিক্ষোভকারীর অবস্থাও আশংকাজনক।
সহিংস বিক্ষোভের আশংকার প্রেক্ষাপটে বুধবার প্রধান নগরী শ্রীনগরসহ কাশ্মীরের বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে।
রাজেন্দ্র এএফপিকে বলেন, ‘আমরা সহিংসতা প্রতিরোধে শ্রীনগরের পুরান শহর এবং হ্যান্ডওয়ারায় কারফিউ আরোপ করেছি।’
ওই নারীকে দাফন করার পর হ্যান্ডওয়ারায় স্থানীয় বাসিন্দাদের একটি ছোট গ্রুপ রাজপথে অবস্থান নেয় এবং পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে কাঁদনে গ্যাস ছুঁড়ে।
এদিকে সেনা সদস্যরা ওই গুলির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে।
খবর: এএফপি