সম্মানহানি হয়, এমন পোস্ট নয়: তারানা হালিম

ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোনো পোস্ট দেয়া উচিত নয় যাতে কারো সম্মানহানি হয় অথবা কাউকে ছোট করা হয়।”

শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) মাইক্রোসফট বাংলাদেশের আয়োজনে বেসিস সফট এক্সপো ২০১৭ তে কোডিং ফর কিডস শীর্ষক এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, “মোবাইল হাতে আছে কিন্তু তাতে ইন্টারনেট নেই তা হবে না। মোবাইলে ইন্টারনেট থাকতে হবে। এ সেবা পৌঁছে দেয়া আমাদের অন্যতম উদ্দেশ্য। এ বিষয়টি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বিটিসিএল গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দেখছে ইন্টারনেটের গতি কেমন। আমরা চাই যেখানে যে গতির কথা বলা হয়েছে সেখানে তা পাচ্ছে কি না। আমরা চাই এ ধরনের অন্য অনুষ্ঠানেও উদ্যোক্তারা বিটিসিএলকে বলুক। আমরা এ ধরনের আয়োজনের সঙ্গে থাকতে চাই।”

তিনি বলেন, এ প্রজন্মের মেয়েদের কম্পিউটার লিটারেসিতে এগিয়ে আসতে হবে। এ জন্য লজ্জা ভেঙে বাবা-মাকেও উদ্যোগ নিতে হবে। দেখতে হবে সন্তান ইন্টারনেট দিয়ে কি করছে।”

তারানা হালিম বলেন, “বর্তমান প্রজন্ম প্রযুক্তিনির্ভর। নতুন এই প্রজন্মের প্রযুক্তির প্রতি এ আকর্ষণ বেশি। এটিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। তাদেরকে সাইবার স্পেসে বিচরণ করতে হবে। গত কয়েকবছরে টেলিকমিউনিকেশনে আমাদের অনেক অগ্রগতি হয়েছে। এ প্রজন্মের কাছে এখন কম্পিউটার ও মোবাইলের মতো উন্নত হাতিয়ার রয়েছে। কিন্তু এগুলো ব্যবহার যাতে করে ইতিবাচকভাবে হয় সেদিকে খেয়াল রাখতে হবে।”

কর্মশালায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) আবদুর রব, প্রধানমন্ত্রী কার্যালয়ের স্থানীয় উন্নয়ন বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা, মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির প্রমুখ বক্তব্য দেন।

আপনার মতামত