কাল থেকে আসছে ৫ টাকার নতুন নোট

ঢাকা: নতুন রং ও রূপে আবির্ভূত হতে যাচ্ছে ৫টাকা মূল্যমানের নতুন নোট। জ্যেষ্ঠ অর্থ সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের স্বাক্ষর সংযোজন করে নতুন ৫ টাকার কারেন্সি নোট মুদ্রণ করা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এ নোট ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসেও নোটটি পাওয়া যাবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

৫ টাকার কারেন্সি নোটটির সামনের অংশে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং পেছনের অংশে নওগাঁর কুসুম্বা মসজিদের ছবি রয়েছে।

নুতনভাবে মুদ্রিত এ নোটের উভয় পিঠের উপরের অংশে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ লেখা এবং পিছনের অংশে ডান দিকে বাংলাদেশের জাতীয় প্রতীক রয়েছে। কারেন্সি নোট হওয়ায় এ নোটের সম্মুখ পৃষ্ঠের মাঝখানে ‘চাহিবামাত্র ইহার বাহককে পাঁচ টাকা দিতে বাধ্য থাকিবে’ লেখাটি থাকবে না।

উল্লেখ্য, নতুন কারেন্সি নোটের রং, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের অনুরূপ। নুতন মুদ্রিত কারেন্সি নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত থাকা ৫ টাকা মূল্যমানের কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও চালু থাকবে।

আপনার মতামত