জামায়াত নেতার মেয়ে মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক

চট্টগ্রাম: চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন জামায়াতের প্রবীণ নেতা ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মালানা মমিনুল হক চৌধুরীর মেয়ে রিজিয়া রেজা চৌধুরী। তার আরো একটি পরিচয়- এক সময় জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত থাকা সাতকানিয়া লোহাগাড়া আসনের সরকার দলীয় সংসদ সদস্য ড. আবু রেজা নদভীর স্ত্রী তিনি।

আওয়ামী লীগের সম্মেলন সূত্রে জানা যায়, প্রায় ২২ বছর পর সোমবার অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ জেলা মহিলা লীগের সম্মেলন। সম্মেলনে সভাপতি হয়েছেন চেমন আরা তৈয়ব এবং সাধারণ সম্পাদক হয়েছেন শামীমা হারুন লুবনা। কমিটি গঠনের সময় চরম হট্টগোল বাঁধে। এ সময় সভাপতি পদ না পেয়ে সম্মেলনস্থলেই অজ্ঞান হয়ে পড়েন মহিলা লীগ নেত্রী শাহিদা আক্তার জাহান।

সোমবার সকাল সাড়ে ১১টায় নগরীর চকবাজারে আনিকা কমিউনিটি সেন্টারে মহিলা লীগের সম্মেলনের উদ্বোধন করেন মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বেগম সাফিয়া খাতুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক বেগম ফজিলাতুন্নেছা ইন্দিরা।

এ বিষয়ে জানতে চাইলে রিজিয়া রেজা চৌধুরী বলেন, আমি অনেক দিন যাবত নারীদের নিয়ে কাজ করছি। দল আমাকে মূল্যায়ন করেছে সে জন্য আমি কৃতজ্ঞ। আমি বিশ্বাস করতে পারছি না আমাকে এমন পদ দেয়া হয়েছে।

আপনার বাবার রাজনৈতিক মতাদর্শের সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক মতাদর্শের অনেক পার্থক্য রয়েছে- এক্ষেত্রে আপনার এই পদ পারিবারিক কোনো সমস্যা সৃষ্টি হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার আব্বা অনেক দিন যাবত সমাজের মানুষের জন্য কাজ করছে। নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করছে। আমরাও সমাজের পরিবর্তনের জন্য কাজ করছি। তারা একভাবে কাজ করছেন, আমরা অন্যভাবে কাজ করছি। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সবাই তো ভালো কাজই করছে।

তিনি বলেন, আমি নারীদের কল্যাণে কাজ করার জন্য সাতকানিয়া-লোহাগাড়া উপজেলায় সামাজিক ব্যাধি প্রতিরোধ ও নারী উন্নয়নে কয়েকটি সংগঠন প্রতিষ্ঠা করেছি, যার মাধ্যমে নারীদের উন্নয়নে কাজ করছি।

উল্লেখ্য, জামায়াতের সাবেক আমীর গো’আজমের এক সময়ের শীর্ষ ও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত থাকা ড. আবু রেজা নদভী ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে এমপি নির্বাচিত হন।

আপনার মতামত