কুড়িগ্রামে পানিবন্দী সাড়ে তিন লাখ মানুষ চরম দুর্ভোগে
কুড়িগ্রাম : গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা মোকাবেলা করছে কুড়িগ্রামের সাড়ে তিন লাখ মানুষ। নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। । স্রোতের টানে ভেসে যাচ্ছে ঘর-বাড়ি, স্কুল, প্রতিষ্ঠান। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পাকা ও কাঁচা সড়ক ডুবে বিচ্ছিন্ন হচ্ছে যোগাযোগ ব্যবস্থা।
সোমবার সকাল থেকে ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েণ্টে বিপদসীমার ৬৯ সে.মি ও ধরলার নদীর পানি সেতু পয়েন্টে বিপদ সীমার ৯৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সরকারি হিসেবে ৯টি উপজেলার ৫৩টি ইউনিয়নের ৬৩ হাজার পরিবারের ৫শত গ্রামের তিন লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কিন্তু স্থানীয় ইউপি চেয়ারম্যানদের দেয়া তথ্য মতে সাড়ে তিন লাখের উপর মানুষ বন্যার পানিতে ভাসছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজার রহমান জানান, গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্রে ৮ , ধরলায় ২৫ , তিস্তায় ৫ ও দুধকুমারে ১৬ সেন্টমিটার পানি বেড়েছে। ফলে সোমবার ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েণ্টে বিপদসীমার ৬৯ সে.মি ও ধরলার নদীর পানি সেতু পয়েন্টে বিপদ সীমার ৯৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যাত্রাপুর বাজারের নিকট বাঁধের ১৫০মিটার ভেঙ্গে যাওয়ায় পানির তোড়ে ১৫টি বাড়ি ভেসেগেছে। চর যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এখন ভাঙ্গনের মুখে। তিনি আরো জানান, ২০০৭ সালের পর কোন বন্যায় পানি এমন উচ্চতায় উঠেনি।
গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই বন্যায় ২০০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে ২২কিঃ মিটার বাঁধ। তবে দ্রুত তা মেরামতের চেষ্টা চলছে। বন্যার পানিতে ডুবে যাওয়ায় কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কে দু’দিন ধরে গরু ও পণ্যবাহী ট্রাকসহ সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গত ২৪ ঘন্টায় প্রবল স্রোতের টানে ভেসে গেছে অন্তত অর্ধশত ঘর-বাড়ি। রাস্তা, গুচ্ছগ্রাম ও বাঁধে আশ্রিতদের সংখ্যা বাড়ছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও পয় নিষ্কাশন সংকটের পাশাপাশি বেড়েছে পশু খাদ্যের সংকট। কৃষি বিভাগের মতে প্রায় ১৮ হাজার কৃষকের এক হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে।
কুড়িগ্রাম ত্রাণ বিভাগের কর্মকর্তা আব্দুল মোত্তালিব মোল্লা জানান, সরকারি হিসাবে ৫৩টি ইউনিয়নের প্রায় পাঁচ শত গ্রাম প্লাবিত হয়েছে। ৭৬৫ বর্গ কিঃ মিঃ এলাকা এখন বন্যার পানিতে ডুবে আছে। বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবার ৬২হাজার ৮৪২টি। এ হিসাবে ক্ষতিগ্রস্থ মানুষের সংখ্যা প্রায় তিন লাখ। যোগাযোগের রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে ৩৭২ কিঃ মিটার। এর মধ্যে পাকা রাস্তা ২৭কিঃ মিঃ এবং কাঁচা রাস্তা ৩৪৫ কিঃ মিটার। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে ৯৮টি। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে ২২ কিঃ মিটার এবং ব্রীজ ও কালভার্ট ক্ষতিগ্রস্থ হয়েছে ১১টি। একই সময়ে ফসল নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্থ হয়েছে ১৮ হাজার কৃষক।