স্বাধীন ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে আ’লীগের ৭ দফা প্রস্তাব

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সংলাপে অংশ নিয়েছেন সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দল।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ বুধবার বিকাল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সংলাপে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা।

এসময় দলের পক্ষ থেকে স্বাধীন নির্বাচন কমিশন গঠনে সাতদফা প্রস্তাব দেয় দলটি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংলাপের বিষয়ে সন্ধ্যা ৬টায় ধানমন্ডির দলীয় সভানেত্রীর কার্যালয়ে ব্রিফিং করা হবে।

এর আগে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে ২২টি রাজনৈতিক দল দেখা করে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের কথা জানিয়েছে। আগামী মাসে প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।

রাষ্ট্রপতির কাছে ইতিমধ্যে ২২টি রাজনৈতিক দল নির্বাচন কমিশন গঠন ও আইন করতে এপর্যন্ত ১৭৪টি প্রস্তাব দিয়েছে। বিএনপি, জাতীয় পার্টি,ওয়ার্কার্স পার্টি ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য।

রাজনৈতিক দলগুলোর প্রধানরা রাষ্ট্রপতির কাছে এমন আবেদন জানান, যাতে নির্বাচন কমিশন স্বাধীনভাবে ভিন্ন সচিবালয়ে কাজ করতে পারে। আগামী নির্বাচন যাতে রাষ্ট্রের কোনো নির্বাহী নিয়ন্ত্রণ ছাড়া নির্বাচন কমিশন আয়োজন করতে পারে এধরনের দাবিও ছিল অন্যতম। অধিকাংশ রাজনৈতিক দল এমন দাবিও করেছে যে একজন যোগ্য নারী প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করা হোক।

এছাড়া নির্বাচনে কালোটাকা ও পেশীশক্তির ব্যবহার যাতে না হয় সেজন্যে আইন তৈরি করার কথাও তারা রাষ্ট্রপতিকে বলেছেন।

উল্লেখ্য, গেল বছরের ১৮ ডিসেম্বর বিএনপির সাথে সংলাপের মাধ্যমে ইসি পুনর্গঠন নিয়ে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি।

আপনার মতামত