‘সন্ত্রাসী পেলেই যা দরকার করবেন’
মেহেরপুর: সন্ত্রাসী সামনে পাওয়া মাত্রই প্রতিরোধ গড়ে তুলতে বলেছেন পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনিরুজ্জামান। এর জন্য কারও জেল-জুলুম ফাঁসি হলে সেই দায়িত্ব তিনি নেবেন বলে জানিয়ে দিয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে ডিআইজি এ কথা বলেন। ভিলেজ ডিফেন্স পার্টি গঠন উপলক্ষে ওই সমাবেশের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি ডিফেন্স পার্টির সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনার পাড়া-মহল্লায় যদি নতুন কোনো লোক আসে, নতুন কোনো ছেলে আসে, আপনারা তাদের জিজ্ঞাসা করেন কোথায় যাবেন? কার বাড়িতে আসছেন, কবে আসছেন, যদি সন্তোষজনক কোনো উত্তর দিতে না পারে- পুলিশ আছে, র্যাব আছে, বিজিবি আছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে, ম্যাজিস্ট্রেটরা আছে, তাদের আপনারা সংবাদ দেন অপরিচিত লোক অসৎ উদ্দেশে এখানে সংগঠিত হয়েছে। আর যদি এমন হয় তাকে তল্লাশি করে তার কাছে কোনো আগ্নেয়াস্ত্র পান, মানুষকে মারার জন্য, মানুষকে হত্যা করার জন্য কোনো ধরনের অস্ত্র পান দা, চাপাতি বা এ ধরনের কোনো অস্ত্র পান- তবে সঙ্গে সঙ্গে যা করা দরকার সেটা করেন। এর জন্য যদি কারও জেল-জুলুম বা ফাঁসি হয় সে দায়িত্ব আমার।
মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম, চুয়াডাঙ্গার পুলিশ সুপার রাশেদুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন মুজিবনগরের মোনাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মফিজুর রহমান, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন প্রমুখ।