১শ’ বছরের রেকর্ড বন্যা ক্যালিফোর্নিয়ায়: শহর ছেড়ে যাওয়ার নির্দেশ
ডেস্ক: যুক্তরাষ্ট্রের সান জোসের উত্তরাঞ্চলীয় ক্যালিফোর্নিয়া নগরীর কয়েক হাজার লোককে বুধবার ভোরে তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বন্যার পানিতে শহরটির বেশ কয়েকটি এলাকা তলিয়ে গেছে এবং একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দেয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণের পর কোইয়োতে ক্রিক নদীর পানি দু’কূল উপচে পড়ায় ১শ’ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
অঙ্গরাজ্যটির তৃতীয় বৃহত্তম এই নগরীতে ১০ লাখ লোকের বাস। এখানকার একটি বড় এলাকার মানুষকে অন্যত্র চলে যাবার নির্দেশ দেয়া হয়েছে। বন্যার পানিতে ওই এলাকার প্রায় ১৪ হাজার মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। মঙ্গলবার রাতে দমকল বাহিনীর কর্মীরা ২শ’ জনের বেশি লোককে উদ্ধার করেছে। বাসিন্দাদের তাদের বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেয়া হবে কিনা তা জানা যায়নি।