যুক্তরাষ্ট্রের ত্রাণ তহবিল থেকে ১০০ বিলিয়ন ডলার চুরি
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সিক্রেট সার্ভিস বলেছে, করোনা-লকডাউনে ক্ষতিগ্রস্ত ব্যবসা এবং চাকরি হারানো ব্যক্তিদের আর্থিক সুরক্ষায় যে কোভিড-১৯ ত্রাণ তহবিল গঠন করা হয়েছিলো তার থেকে প্রায় ১০০ বিলিয়ন ডলার চুরি হয়েছে।
শ্রম বিভাগ এবং ক্ষুদ্র ব্যবসা প্রশাসনের তথ্য বিশ্লেষণ করে সিক্রেট সার্ভিস এই ডেটা তৈরি করে। এই তহবিলের বেশিরভাগই করা হয়েছে বেকারদের জন্য বরাদ্দকৃত ভাতা থেকে। শ্রম বিভাগের প্রতিবেদন বলছে, বেকারদের জন্য দেয়া ৮৭ বিলিয়ন ডলারেই হিসেব-নিকেশে গরমিল রয়েছে। এর উল্লেখযোগ্য অংশই জালিয়াতি করা হয়েছে।
সিক্রেট সার্ভিস বলেছে, তারা বেকারত্ব বীমা এবং ঋণ জালিয়াতির তদন্ত করার সময় ১.২ বিলিয়নেরও বেশি বাজেয়াপ্ত করেছে। সেই সঙ্গে মহামারীর জন্য বরাদ্দকৃত অর্থ তহবিল জালিয়াতির প্রায় ১০০টির বেশি সক্রিয় অপরাধ তারা তদন্ত করছে এখন পর্যন্ত প্রায় ১০০জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এজেন্সির জাতীয় মহামারী জালিয়াতি পুনরুদ্ধার সমন্বয়ক রয় ডটস্টোন বলেছে, ‘এতে বিচার বিভাগে প্রক্রিয়াধীন জালিয়াতির মামলা অন্তর্ভূক্ত করা হয় নি। গত সপ্তাহে মার্কিন বিচার বিভাগ বলেছে, তারা ৯৫টিরও বেশি ফৌজদারী মামলায় ১৫০জনের বেশি আসামীর বিচার করেছে এবং জালিয়াতির প্রায় ৭৫ মিলিয়ন ডলারের সম্পদ জব্দ করেছে।