দাবানলে ধ্বংস ক্যালিফোর্নিয়ার ঐতিহাসিক শহর

দাবানলে ধ্বংস ক্যালিফোর্নিয়ার ঐতিহাসিক শহর

আন্তর্জাতিক ডেস্ক: সবচেয়ে বড় দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য। তিন সপ্তাহ ধরে জ্বলতে থাকা এই দাবানলে প্রায় পুরোই ধ্বংস হয়ে গেছে গ্রিনভিলের ঐতিহাসিক গোল্ড রাশ শহর।

সরে যেতে বলা হয়েছে শহরটির ৮০০ বাসিন্দাকে। গত বুধবার স্থানীয় সময় রাতে শহরটিতে আগুন ছড়িয়ে পড়ে।

আগুনের শিখায় ঐতিহাসিক বেশিরভাগ ভবন ধ্বংস হয়ে গেছে। এক শতাব্দীরও বেশি পুরনো ক্যালিফোর্নিয়ার গোল্ড রাশ যুগে নির্মিত ভবনগুলোসহ একটি গ্যাস স্টেশন, হোটেল এবং বারও ধ্বংস হয়েছে।

বিবিসি জানায়, এবারের দাবানলকে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে অষ্টম বৃহত্তম বলে অভিহিত করা হচ্ছে। তীব্র এই দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দেশটির কর্মকর্তা ও দমকল কর্মীরা।

ঘটনাস্থল থেকে তোলা কয়েকটি ছবিতে দেখা গেছে, আগুনে পুড়ছে গ্রিনভিল শহরের গাছ। তাপে ঝলসে গেছে বিভিন্ন কাঠামো। দেখা গেছে, ধাতব একটি লাইটপোস্ট পর্যন্ত তাপে গলে গেছে।

ঘটনাস্থলের ছবি এবং ভিডিও দেখে আঁচ করা যায় যে, আগুন ব্যাপক তা-ব চালিয়েছে।

ওই অঞ্চলের প্রতিনিধিত্বকারী মার্কিন কংগ্রেস সদস্য ডগ লামালফা দাবানলের ভয়াবহতার কথা জানাতে গিয়ে বলেছে, “আমরা আজ রাতে গ্রিনভিলকে হারিয়েছি, কিছু বলার ভাষা নেই।”

তিন সপ্তাহের দাবানল গ্রাস করেছে প্রায় ৩ লাখ ২২ হাজার বর্গ একর জমি। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় দাবানলের মাত্র ৩৫ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে। কিন্তু তার মধ্যেই ধ্বংস হয়ে গেছে অনেক কাঠামো, ঘরবাড়ি।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডাসহ ইউরোপের কয়েকটি দেশে দাবানল হয়েছে। বাড়তি তাপমাত্রাই দাবানলের ভয়াবহতার জন্য মূলত দায়ী বলে উল্লেখ করেছে বিশেষজ্ঞরা।

আপনার মতামত