ভূমিকম্পে কেঁপে উঠল আসাম-মেঘালয়
আন্তর্জাতিক ডেস্ক: মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের উত্তরবঙ্গ। স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটে আসাম ও মেঘালয়ে ভূমিকম্প আঘাত হেনেছে বলে ভারতের একাধিক গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। ভূমিকম্পের উৎসস্থল আসামের গোয়ালপাড়া। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ভূমিকম্পের সময় আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন সাধারণ মানুষ। পম্পা পোদ্দার নামের স্থানীয় এক নারী বলেন, ‘মাত্রই ঘুম থেকে উঠেছি, এমন সময় দেখি ঘর কাঁপছে। ভয়ে দৌড়ে রাস্তায় বেরিয়ে আসি। আতঙ্কে আছি। কারণ এর আগেও অনেকবার ভূমিকম্পের অভিজ্ঞতা হয়েছে। তবে খুবই মৃদু কম্পন অনুভূত হয়েছে।’
ভূমিকম্প থেকে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একের পর এক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে উত্তরবঙ্গবাসীকে। বর্ষাকালের প্রবল বৃষ্টিতে রাস্তায় ধস নেমে একাধিক এলাকার রাস্তা বন্ধ হয়ে গেছে। কার্শিয়াংয়ের তিনধরিয়ায় জাতীয় সড়কে ধস নেমেছে। বন্ধ হয়ে যায় যানচলাচল। শিলিগুড়ি থেকে দার্জিলিং সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবার ভূমিকম্পে ছড়াল আতঙ্ক। যদিও এর মাত্রা ভয়ংকর না হওয়ায় কোনও প্রাণহানি ঘটেনি।
এর আগে গত সোমবার রাতে রাজধানী দিল্লি ও এর আশপাশের বেশ কয়েকটি এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছিল। তাতে অবশ্য তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, পাবনা, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, সিলেটসহ বেশ কয়েকটি জেলা। স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যানুসারে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের লখিপুর শহর থেকে সাত কিলোমিটার দক্ষিণে।