‘মার্কিন সামরিক বাহিনীর অস্ত্র চুরি হচ্ছে’
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকেই চুরি হচ্ছে বিভিন্ন মারণাস্ত্র। সেনা ঘাটি, অস্ত্র বহনকারী গাড়ি, যুদ্ধজাহাজ, কারখানা এমনকি গোপন ভল্ট থেকেও অস্ত্র চুরির রেকর্ড রয়েছে।
জানা গেছে, গত এক দশকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রায় ২ হাজার অস্ত্র চুরি হয়েছে। এসব ভয়ংকর মারণাস্ত্র এখন অপরাধীদের হাতে হাতে। খুন-ডাকাতি-অপহরণের মতো অপরাধে নিয়মিত ব্যবহৃত হচ্ছে অস্ত্র। বার্তা সংস্থা এপি’র অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য।
হারিয়ে যাওয়া আগ্নেয়াস্ত্রের কিছু উদ্ধার হলেও হদিস মেলেনা বেশিরভাগের। কিছুক্ষেত্রে প্রশিক্ষণার্থীর মাধ্যমেও অস্ত্র চুরির প্রমাণ মিলেছে। এম ফোর কার্বাইন, এম ইলেভেন সেমি অটোমেটিক হ্যান্ডগান চুরি করে পালানোর পর গ্রেফতার হয় জেমস মোরালেস নামের এক প্রশিক্ষণার্থী। চারটি রাইফেল ও দু’টি হ্যান্ডগানসহ গ্রেফতার হলেও বাকি অস্ত্রগুলো গায়েব হয়ে যায়। পরে বোস্টনে এক ডাকাতিতে ব্যবহৃত হয় সে অস্ত্র।