ঝড়-বন্যা-তুষারপাতে নাস্তানাবুদ অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক: একসঙ্গে তিন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। দেশটির বিভিন্ন রাজ্যে ঝড়ো হাওয়া, প্রবল বন্যা ও তুষারপাতসহ বিরূপ আবহাওয়া বিরাজ করছে।
সম্প্রতি দেশটির মেলবোর্ন শহরে ১১৯ কিলোমিটার বেগের ঝড়ো বাতাসে কয়েকশ’ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে গেছে গাছপালা আর বিদ্যুতের খুঁটি।
এদিকে দেশটির ভিক্টোরিয়া রাজ্যে প্রবল বন্যায় বেশ কয়েকটি বাড়িঘর ধসে পড়েছে। তবে এখনো কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি। নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হয়েছে সেখানকার বাসিন্দাদের।
কর্তৃপক্ষ বলছে, অন্তত ২ লাখ ঘরবাড়ি এবং স্থাপনায় বিদ্যুৎ সংযোগ বিছিন্ন। বন্যার পানির স্রোতে ভেসে গেছে দুই শতাধিক ঘরবাড়ি। গাছ-বৈদ্যুতিক খুঁটি ভেঙে ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। দুর্গত এলাকায় আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
অন্যদিকে নিউ সাউথ ওয়েলস রাজ্যে দেখা দিয়েছে তীব্র তুষারপাত। প্রায় ১৫ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়েছে রাজ্যটিতে। পুরু বরফে ঢেকে গেছে চারপাশ। কমপক্ষে ১২শ’ ঘরবাড়ি ও স্থাপনার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন।