মিয়ানমারে বাড়ছে চীনবিরোধী মনোভাব
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে নিজেদের দুটি বড় পাইপলাইন প্রকল্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সামরিক সরকারের বিরোধীরা বলছে, চীনের পাইপলাইন বিস্ফোরিত হোক বা না হোক, এটি মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপার। গত মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এই বিষয়টি জানা গেছে।
ফাঁস হওয়া একটি নথি অনুসারে, মিয়ানমারে যখন সামরিক সরকার অভ্যুত্থানবিরোধীদের গুলি ও আটক করছে তখন চীনের সঙ্গে দেশটির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে চীনের পক্ষ থেকে সামরিক শাসকদের কাছে দেশজুড়ে তেল ও প্রাকৃতিক গ্যাসের পাইপলাইনের নিরাপত্তার বিষয়ে আশ্বাস চাওয়া হয়েছে। অভ্যুত্থানে নিয়ে অবস্থানের কারণে মিয়ানমারে চীনবিরোধী মনোভাব বাড়ছে।
মিয়ানমারে চীনের ৮০০ কিলোমিটার পাইপলাইন রয়েছে। সমান্তরাল দুটি পাইপলাইন বঙ্গোপসাগর থেকে রাখাইন হয়ে মাগওয়ে ও মান্দালয় ও শান রাজ্য হয়ে চীনে প্রবেশ করেছে। বেইজিংয়ের প্রত্যাশা, মিয়ানমার এগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেবে।