যুক্তরাষ্ট্রে হামলাকারীর নাম ডেভিড লং
ঢাকা, ৯ নভেম্বর ২০১৮।।
ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের বারে হামলাকারী সন্দেহভাজন এক ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। ডেভিড লং নামের ২৮ বছর বয়সী ওই ব্যক্তি একজন নৌবাহিনীর সদস্য ছিলেন বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি অনলাইন। এর আগে এ বছরের শুরুতে তিনি নিজ বাড়িতে অসঙ্গত আচরণ শুরু করেন। পরে পুলিশের মানসিক স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা তাকে সুস্থতার ছাড়পত্র দেন।
বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১১টা ২০মিনিটে বর্ডারলাইন বার এন্ড গ্রিল নামের ওই বারটিতে হামলা করা হয়। বারের ভেতরে কমপক্ষে ২০০ মানুষ উপস্থিত ছিলেন। পুলিশ বলছে, হামলাকারী ডেভিডের পরণে সে সময় কালো পোশাক ছিল। হামলার পর সে আত্মহত্যা করেছে বলেও ধারণা পুলিশের।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বারটিতে একটি কলেজের মিউজিক নাইট চলাকালীন হামলাকারী বারে ঢোকেন এবং গুলি করার আগ মূহুর্তে তিনি একটি স্মোক গ্রেনেড ছোড়েন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিনাঞ্চলের একটি বারে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। নিহত হয়েছে হামলাকারী নিজেও। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।