ব্রিটেনের ব্রেক্সিট-পরবর্তী অভিবাসন পরিকল্পনা ফাঁস
ব্রিটেনের ব্রেক্সিট-পরবর্তী অভিবাসন পরিকল্পনা ফাঁস হয়েছে একটি পত্রিকায়; যেখানে বলা হয়েছে, ব্রেক্সিটের পর ইউরোপ থেকে কম দক্ষ অভিবাসীর সংখ্যা কমানোর একটি লিখিত প্রস্তাব হোম অফিসকে দেওয়া হয়েছে। প্রস্তাবে ব্রেক্সিটের পর কেবল দক্ষ অভিবাসীদের ব্রিটেনে প্রবেশ ও থাকার সুযোগ থাকবে। যারা নিম্ন আয়ের, কম দক্ষ বা অদক্ষ তাদের ব্রিটেনে আসা প্রত্যাখ্যান করতে বলা হয়েছে। ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকা পরিকল্পনাটি ফাঁস করেছে।
ব্রেক্সিটের পর ব্রিটেন শুধু দক্ষ পেশাদার অভিবাসীদের প্রবেশ করতে দেবে। বিশেষ করে যারা ইউরোপ থেকে আসবে, তাদের কমপক্ষে এক বছরের কাজের চুক্তি থাকতে হবে। ব্রিটেনে আসার তিন থেকে পাঁচ বছর পর্যন্ত ভিসা নিয়ে থাকার পর স্থায়ীভাবে বসবাসের অনুমতি লাভ করবে। এই সময়ের পর ইউরোপ থেকে তারা পরিবার আনতে পারবে।
ব্রিটিশ হোম অফিস সূত্র এরই মধ্যে জানিয়েছে, ব্রেক্সিটের পর ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর বিশেষ দক্ষতাসম্পন্ন কর্মীদের স্বাগত জানাবে। ব্রিটেন চায় অভিবাসীরা কেবল থাকার জন্য যেন না আসে, ব্রিটেনের সমাজব্যবস্থায় ও অর্থনীতিতে ভূমিকা এবং নিজেদের স্বার্থের জন্যও তারা যেন আসে।
যদিও ফাঁস হওয়া প্রস্তাবটি সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত নয়, তবু ব্রেক্সিটের পর ইইউ-সংক্রান্ত ইমিগ্রেশন আইন ব্রিটেন কিভাবে সাজাবে, সরকারি এই নথিপত্রের মাধ্যমে এর একটি ধারণা পাওয়া যাচ্ছে।
এদিকে ব্রিটেনের বর্তমান ক্ষমতাসীন দল কনজারভেটিভ দলের নেতাকর্মীরা আগামী সাধারণ নির্বাচনের আগেই দলের নেতা প্রধানমন্ত্রী টেরেসা মের পদত্যাগ চায় বলে দলের একটি প্রভাবশালী ওয়েবসাইটে পরিচালিত জারিপের ফলাফলে জানা গেছে। সোমবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ৫১ শতাংশ নেতাকর্মী টেরেসা মেকে এই পার্লামেন্টের সময়েই পদত্যাগ করার মতামত দিয়েছে। আর ৯ শতাংশ মনে করে, তাঁর অবিলম্বে পদত্যাগ করা উচিত।