ভারতের হাসপাতালগুলোতে অক্সিজেন সঙ্কট : মৃত শিশুর সংখ্যা বেড়ে ৬৩
ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্বাচনি কেন্দ্র গোরক্ষপুরের একটি হাসপাতালে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৬৩-তে পৌঁছেছে। মৃতদের মধ্যে ৫ নবজাত শিশুও রয়েছে। গত পাঁচ দিনে ওই মৃত্যুর ঘটনা ঘটেছে।
গোরক্ষপরের বাবা রাঘব দাস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অক্সিজেনের অভাবে ওই শিশুরা মারা গেছে বলে অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষ অবশ্য অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর কথা অস্বীকার করেছে। মৃত শিশুদের অধিকাংশই এনসেফেলাইটিসে ভুগছিল। ওই ঘটনাকে নোবেল পুরস্কার বিজয়ী কৈলাশ সত্যার্থী হত্যাকা- বলে অভিহিত করেছে।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশে দলটির চার সিনিয়র নেতা গুলাম নবী আজাদ, রাজবব্বর, সঞ্জয় সিং এবং প্রমোদ তেওয়ারি আজ গোরক্ষপুরে গেছে।
রাজ্যসভার বিরোধী দলনেতা গুলামনবী আজাদ বলেন, দুঃখজনক ওই ঘটনার জন্য রাজ্য সরকার সম্পূর্ণ দায়ী। এটি রাজ্য সরকারের ব্যর্থতার প্রমাণ। মুখ্যমন্ত্রীকে এজন্য ক্ষমা চাওয়া উচিত। ঘটনার তদন্তের জন্য সংসদীয় টিম তৈরি হোক। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীকে ঘটনার দায় স্বীকার করে পদত্যাগ করা উচিত।