৭.৪% প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি ৫.৫ শতাংশে নামানোর আশা
ঢাকা: সাত দশমিক চার শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, যাতে রাজস্ব আদায় বাড়ানোর ওপর জোর দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের জন্য চার লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন মুহিত। রাজস্ব আয়, বিনিয়োগ ও বৈদেশিক সাহায্য বৃদ্ধি, রফতানী আয় ও প্রবাসী আয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের আশা করে প্রবৃদ্ধির এই লক্ষ্যমাত্রা ধরেছেন তিনি। জনগণের কর্মোদ্যম এবং কৃষক ও শ্রমিকের কাজের প্রতি আগ্রহ দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা বিঘ্নিত হবে দেবে না বলেও আশা করছেন মুহিত। চলতি (২০১৬-১৭) বাজেটে ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল; নয় মাসের প্রাক্কলন অনুযায়ী ৭ দশমিক ২৪ শতাংশ অর্জিত হওয়ার কথা সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে।
মূল্যস্ফীতি ৫.৫ শতাংশে নামানোর আশা
গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করে বর্তমান সরকারের চতুর্থ বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য পর্যালোচনায় দেখা যায়, মার্চ শেষে এই হার দাঁড়িয়েছে তার থেকে বেশি ৬ দশমিক ১ শতাংশ। আর মাসওয়ারি, অর্থাৎ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মার্চ মাসে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৩৯ শতাংশ। নতুন বাজেটে মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ধরার কারণ ব্যাখ্যা করে মুহিত বলেছেন, “আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য সম্প্রতি বৃদ্ধি পাচ্ছে। তথাপি, মূল্যস্ফীতির হার ধারাবাহিকভাবে কমে আসছে। চলতি অর্থবছরের মার্চ নাগাদ ১২ মাসের গড়ভিত্তিক সাধারণ মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৫.৩৯ শতাংশ, যা গত বছরের একই সময়ে ছিল ৬.১০ শতাংশ।