বাংলাদেশে ৩ লাখ ৭০ হাজার রোহিঙ্গা শরণার্থী: জাতিসংঘ
মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে ২৫ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ৩ লাখ ৭০ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে। মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানায়।
এতে বলা হয়, ২৫ আগস্টে মিয়ানমার সেনাদের নতুন করে নির্যাতন শুরু হওয়ার পর প্রতিদিন হাজার হাজার মুসলিম রোহিঙ্গা নাফ নদী পার হয়ে বা দুর্গম পাহাড়ি বনাঞ্চল পেরিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করছে। এছাড়া রাখাইনে গত মাসে শুরু হওয়া রোহিঙ্গা নিধনে এ পর্যন্ত তিন হাজার নারী-শিশুসহ নানা বয়সের মুসলিম গণহত্যার শিকার হয়েছে বলে আন্তর্জাতিক একাধিক সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। এখনও সেখানে অব্যাহত রয়েছে গণহত্যা, ধর্ষণ ও রোহিঙ্গাদের বাড়িঘর জ্বালাও-পোড়াও।