৭ মাসে ২৭ হাজার কোটি টাকা ব্যাংকঋণ সরকারের
নিজস্ব প্রতিবেদক: হঠাৎ সরকারের ব্যাংকঋণ কমে গেছে। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) সরকার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ নিয়েছে ২৭ হাজার ১৫৪ কোটি টাকা। অর্থবছরের প্রথম ছয় মাসে যা ছিল ৩৩ হাজার ৪০১ কোটি টাকা। এ হিসাবে জানুয়ারি মাসে সরকারের ব্যাংকঋণ কমেছে ৬ হাজার কোটি টাকারও বেশি। একই সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ঋণ করেনি সরকার। উল্টো আগের নেওয়া ঋণের ১৪ হাজার ৪৭৩ কোটি টাকা পরিশোধ দেখিয়েছে। এতে সরকারের নিট ব্যাংকঋণ দাঁড়িয়েছে ১২ হাজার ৬৮১ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবছরই বড় অঙ্কের ঘাটতি রেখে বাজেট পেশ করে আসছে সরকার। এই ঘাটতি মেটানো হয় দুটি উৎস থেকে। অভ্যন্তরীণ ও বৈদেশিক খাত। বৈদেশিক খাত থেকে প্রয়োজনীয় অর্থ সহায়তা পাওয়া না গেলে অভ্যন্তরীণ উৎসের ওপরই বেশি নির্ভর করতে হয় সরকারকে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে রয়েছে ব্যাংকব্যবস্থা ও সঞ্চয়পত্র খাত।
চলতি অর্থবছরে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ব্যাংকঋণের নিট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা। সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার লক্ষ্য ধরা হয়েছে ৩২ হাজার কোটি টাকা। নানা কড়াকড়ি ও মুনাফা কমিয়ে আনায় এবার সঞ্চয়পত্র বিক্রিও কমে গেছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ৯ হাজার ৫৯০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ব্যাংকব্যবস্থা থেকে নিট ১১ হাজার কোটি টাকার বেশি ঋণ নেয় সরকার। এরপর থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকারের ব্যাংকঋণের চাহিদা ছিল কম। তবে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ব্যাংকঋণের চাহিদা কিছুটা বেশি ছিল সরকারের।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত ৩১ জানুয়ারি শেষে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের নেওয়া ঋণের মোট স্থিতি দাঁড়ায় ২ লাখ ১৪ হাজার ৭৯৬ কোটি টাকা। গত বছরের জুন শেষে ছিল ২ লাখ ২ হাজার ১১৫ কোটি টাকা। ফলে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সাত মাসে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের নিট ব্যাংকঋণ বেড়েছে ১২ হাজার ৬৮১ কোটি টাকা। অর্থবছরের প্রথম ছয় মাসে নিট ব্যাংকঋণের পরিমাণ ছিল ১৮ হাজার ৮০২ কোটি টাকা। এ হিসাবে জানুয়ারি মাসে সরকারের ব্যাংকঋণ কমেছে ৬ হাজার ১২১ কোটি টাকারও বেশি।
প্রতিবেদনে আরও দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম তিন মাসে সরকারের নিট ব্যাংকঋণ ছিল মাত্র ৪ হাজার ৫৯৭ কোটি টাকা। অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) তা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ৬৯৫ কোটি টাকা। অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ব্যাপকহারে বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৭৫৩ কোটি টাকা।
গত অর্থবছরেও সরকারের ব্যাংকঋণের চাহিদা ছিল খুব কম। শুরুর দিকে সরকার ব্যাংক থেকে যে পরিমাণ ঋণ নিয়েছিল পরিশোধ করে তার চেয়ে বেশি। তবে শেষ দিকে গিয়ে নিট ঋণ দাঁড়ায় ২৬ হাজার ৭৮ কোটি টাকা। যদিও সরকারের লক্ষ্যমাত্রা ছিল ৮৪ হাজার ৯৮০ কোটি টাকা। তার আগের অর্থবছর ব্যাংকব্যবস্থা থেকে রেকর্ড ৭২ হাজার ২৪৬ কোটি টাকা নিয়েছিল সরকার।
৯