২৫ লাখ টাকার হেরোইন; যাত্রীবাহী বাসসহ দুইজন আটক
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর কল্যাণপুরে রাজশাহী-ঢাকা-চাঁপাই রুটে চলাচলকারী ন্যাশনাল ট্রাভেলসের বাস থেকে ২৫ লাখ টাকা হেরোইনসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় বাসটি জব্দ করা হয়েছে।
রোববার (৭ ফেব্রুয়ারি) ভোরে র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- বাস চালক তুহিন (৩৫) ও যাত্রী মো. মোহাইমেনুল ইসলাম (৩০)।
এএসপি মামুন জানান, ন্যাশনাল ট্রাভেলসের বাসে কতিপয় মাদক ব্যবসায়ী রাজশাহী থেকে হেরোইন নিয়ে রাজধানীর মিরপুর এলাকায় বিক্রির উদ্দেশ্যে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেইন গেইটের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে।
এরপর তাদের দেয়া তথ্যমতে গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৩৮ গ্রাম হেরোইন পায়া যায়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ২৫ লাখ টাকা।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, তারা পরস্পর যোগসাজোসে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক কিনে পরিবহন বাসের অন্তরালে হেরোইন সুকৌশলে ঢাকায় নিয়ে এসে সরবরাহ ও বিক্রি করে আসছিল।