স্থানীয় যুবকদের দক্ষতার প্রশিক্ষণ দেবে বেজা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চেয়ারম্যান পবন চৌধুরী জানিয়েছে, দক্ষ মানবসম্পদ তৈরিতে বেজা সবসময় কাজ করছে এবং এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ধারা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে। পরবর্তীতে স্থানীয় যুবকদের প্রশিক্ষণ দেয়া হবে, যাতে তারা অর্থনৈতিক অঞ্চলের জন্য নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারে।
চট্টগ্রামের মিরসাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার শেষদিনে গতকাল শুক্রবার তিনি এসব কথা বলেন। কর্মশালায় অংশ নেন শিল্প নগরীর বিনিয়োগকারী, কর্মকর্তা ও কর্মরত শ্রমিকরা।
বেজা বলছে, প্রায় ৩৩ হাজার একরের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরকে বাংলাদেশের প্রথম পরিকল্পিত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ শিল্পনগর হিসেবে গড়ে তোলা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অনুশাসন অনুযায়ী চূড়ান্ত মাস্টারপ্ল্যানে এটিকে কয়েকটি জোনে ভাগ করে প্রয়োজনীয় অবকাঠামো তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে। এই শিল্পনগরকে সর্বোচ্চ সুরক্ষা দিতে ২৩ কিলোমিটার দীর্ঘ সুপার ডাইক (সুদীর্ঘ উঁচু বাঁধ) নির্মাণ করা হয়েছে। এটিই দেশের সর্বপ্রথম সুপার ডাইক।
বেজার মতে, ভবিষ্যতে ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে নিরবচ্ছিন্ন সংযোগ পরিকল্পনার অংশ হিসেবে মেরিন ড্রাইভ রোডের সঙ্গে সুপার ডাইকটিকে সংযুক্ত করার সম্ভাবনা রয়েছে। শিল্প প্রতিষ্ঠান ছাড়াও আবাসিক ও বাণিজ্যিক এলাকা, বিজনেস হাব, সার্ভিস জোন, প্রশাসনিক/প্রাতিষ্ঠানিক এলাকা ও পুনর্বাসন এলাকা, লজিস্টিক হাবসহ প্রতিবেশবান্ধব শিল্পনগর প্রতিষ্ঠায় সবুজ পার্ক, মাঠ এবং পুকুরডোবাসহ প্রচুর উন্মুক্ত এলাকার ব্যবস্থা রাখা হয়েছে। এখন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বিনিয়োগ প্রস্তাবের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ বিলিয়ন মার্কিন ডলার।