প্রতি কেজি চাল উৎপাদনে পানি খরচ ১২০০ লিটার
নিজস্ব প্রতিবেদক: এক কেজি চাল উৎপাদনে পানি নিয়ে মানুষের মনে ভ্রান্ত ধারণা রয়েছে। সাধারণভাবে তিন হাজার লিটারের বেশি পানি প্রয়োজন হয় এমন তথ্য প্রচলিত রয়েছে। তবে গবেষণায় দেখা গেছে, সেটি সর্বোচ্চ ১ হাজার ৩০০ লিটার প্রয়োজন হয়। ধানের উৎপাদনশীলতা দ্বিগুণ করার পাশাপাশি কৃষকদের লাভবান করতে উন্নত জাতের ধান উদ্ভাবনে ধানবিজ্ঞানী ও গবেষকদের আরো দায়িত্ব নিতে হবে।
সম্প্রতি গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে আয়োজিত ব্রি বার্ষিক গবেষণা পর্যালোচনা ২০১৯-২০ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন বক্তারা।
কর্মশালায় কৃষিমন্ত্রী বলেছেন, বাংলাদেশ যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে তার পেছনে ব্রির উদ্ভাবিত জাত ও বিজ্ঞানীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কৃষকের কাছে যেগুলো জনপ্রিয় হয়, কৃষকের কাছে সহজে পৌঁছানো হয় এমন মানসম্পন্ন জাত উদ্ভাবন করতে হবে। একটি পুষ্টি উপাদানসমৃদ্ধ জাত না করে বহু পুষ্টি উপাদানসমৃদ্ধ জাতের ধান উদ্ভাবন করতে হবে। মোটা চালের চাহিদা দিন দিন কমছে, সেজন্য চিকন চাল এবং কৃষক ও ভোক্তার চাহিদা বিবেচনা করে জাত উদ্ভাবনে এগিয়ে আসতে হবে।