পাবলিক-প্রাইভেটের সম্পর্ক বাড়াতে হবে -বাণিজ্য সচিব
নিজস্ব প্রতিবেদক: পাবলিক এবং প্রাইভেট সেক্টরের মধ্যে একটা শক্ত মেলবন্ধন প্রয়োজন বলে জানিয়েছেন বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন। তিনি বলেছেন, ‘দুই সেক্টরের মধ্যে আরও সম্পর্ক বাড়িয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হবে। রোববার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক্সপোর্ট রেডিনেস ফান্ড (ইআরএফ) বা রফতানি প্রস্তুতি তহবিল কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা জানান।
অনুষ্ঠানে জানানো হয়, ইআরএফ বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় ইসিফোরজে প্রকল্পের একটি ম্যাচিংগ্রান্ট কর্মসূচি। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ইআরএফ কর্মসূচি বাস্তবায়িত হবে। কর্মসূচিটি বাংলাদেশের চারটি সম্ভাবনাময় খাতের রফতানি বৃদ্ধিতে সহায়তা করবে। এসব খাত হচ্ছে- চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, প্লাস্টিক এবং হালকা প্রকৌশলপণ্য। বিদেশি ক্রেতাদের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় পরিবেশগত, সামাজিক এবং গুণগত মান পরনের জন্য যোগ্য ও আগ্রহী উদ্যোক্তাদের ম্যাচিং গ্র্যান্ট প্রদান করবে।
অনুষ্ঠানে বাণিজ্য সচিব বলেন, প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরের মধ্যে একটা শক্ত বুনিয়াদ দরকার। দুই সেক্টরের মধ্যে ভালো সম্পর্ক বা বন্ধন যদি না থাকে তাহলে দেশকে এগিয়ে নেয়াটা কঠিন। তাই এ দুই সেক্টরের মধ্যে আরও সম্পর্ক বাড়িয়ে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, ৭০০ এর বেশি পণ্য রফতানি করে বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থাসহ জনবল দুই হাজার ৫০০ জনের মতো। অথচ শুধু তৈরি পোশাক খাতে জনবল ৪০ লাখ। পাবলিক সেক্টর বনাম প্রাইভেট সেক্টরকে কোনো প্রতিযোগিতায় নামিয়ে দিলে এটা সংখ্যাতত্ত্বে মিলে না। তাই প্রাইভেট সেক্টরের সঙ্গে পাবলিক সেক্টরের রোলটা হবে সাপোর্টিং রোল। আর অ্যাকশন রোলটা হবে প্রাইভেট সেক্টরের’ যোগ করেন তিনি।