দরজা বন্ধ করে বাতি জ্বালিয়ে কাজ করে যান -পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আল জাজিরার প্রতিবেদনের কথা উল্লেখ করে কর্মকর্তাদের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আপনারা (কর্মকর্তা) সেদিকে নজর দেবেন না। আপনারা দরজা জানালা বন্ধ করে, বাতি জ্বালিয়ে কাজ করে যান। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক কন্সালটেশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী বলেন, কাজ ফেলে রাখবেন না। দিনের কাজ দিনেই করুন। যারা আজ বেতন নিচ্ছেন তারা অনুগত হয়েই কাজটা করে যান। আমরা আমাদের মতো কাজ করে যাব।
এম এ মান্নান আরও বলেন, সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ একই মর্যাদার। এখানে সুপার মিনিস্ট্রি ও সুপার বিভাগ বলে কিছু নেই। তবে একজন সুপার মন্ত্রী আছেন। তিনি আমাদের দলনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বেই আমরা এগিয়ে যাচ্ছি। এখানে পরিকল্পনা মন্ত্রণালয় কারো ওপর খবরদারি করছে না। কিংবা কোনো মন্ত্রণালয়কে নির্দেশ দিতে পারে না। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে যাব। যে সুযোগ আমরা পেয়েছি তা কাজে লাগাতে হবে। দেশ এখন তৈরি আছে। যেসব সমস্যা আছে সেগুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
মন্ত্রী বলেন, নিষ্প্রাণ প্রশাসন কোনো প্রশাসনই নয়, প্রশাসন হতে হবে অতি চঞ্চল, অতি সুন্দর ও গতিশীল। কর্মকর্তাদের সৃজনশীল হতে হবে। তবে সব কিছুই করতে হবে আইনের মধ্য থেকেই। আমার বেতন কত সেটি মানুষের আগ্রহ নেই। তারা জানতে চায় এলাকার জন্য কী আনলেন। এলাকায় কয়টা সেতু কালভার্ট করা হলো- এসব দৃশ্যমান কার্যক্রমের প্রতি জনগণের আগ্রহ আছে।