গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. পারভেজ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৩১ জুলাই) দিবাগত রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের সাতচুঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ স্থানীয় কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের মো. কালু শেখের ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন র‌্যাব সদস্যদের বরাত দিয়ে জানান, শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের সাতচুঙ্গী এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে এমন খবর পায় র‌্যাব-১ এর সদস্যরা। পরে রাত পৌনে ১২টার দিকে র‌্যাব সদস্যরা সেখানে অভিযানে যায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। এতে পারভেজ গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে গুলিসহ একটি পিস্তল এবং বেশ কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত পারভেজের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।

আপনার মতামত