খিলগাঁওয়ে দুই সন্ত্রাসী অস্ত্রসহ আটক
স্টাফ করেসপন্ডেন্ট:
ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকা থেকে অস্ত্রসহ দুই জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- মো. সুমন (৩৩) ও মো. নিজু হোসেন (২৪)।
মেজর শাহরিয়ার জিয়াউর জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাতে র্যাব- ১০ এর একটি দল রাজধানী ঢাকার খিলগাঁও থানার মস্তমাঝি-শেখের জায়গা লিংক রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে ২টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ (এ্যামুনেশন) ২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আসামিরা পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। তারা দীর্ঘদিন যাবত রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল।
আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।