কোয়ালিটি ধরে রাখতে শ্রমিকের মূল্যায়ন জরুরি -শ্রম প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: যে কোনো প্রতিষ্ঠানের কোয়ালিটি ধরে রাখতে শ্রমিকের মূল্যায়ন বেশি প্রয়োজন। শ্রমিককে যদি স্থায়ী না করে অস্থায়ীভাবে নিয়োগ দেয়া হয়, তবে উৎপাদন ভালো মানের হয় না। শ্রমিক কারখানার প্রাণ, এতে শ্রমিকের কারখানার প্রতি ভালোবাসা থাকে না। শনিবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।
তিনি আরও বলেন, আপনি এক বছর একজন শ্রমিককে কারখানায় বা আপনার প্রতিষ্ঠানে রাখবেন অথচ স্থায়ী নিয়োগ করবেন না, এটা হতে পারে না। এর মাধ্যমে আপনি শুধু একজন শ্রমিক ঠকাচ্ছেন না, আইনও লঙ্ঘন করছেন।
শ্রম প্রতিমন্ত্রী আরও বলেন, শ্রমিকের মূল্যায়ন না থাকায় পাট শিল্পের অবস্থা খারাপের দিকে। আমাদের শ্রমিকদের প্রতি নজর দিতে হবে। তারাই আপনাকে মানসম্পন্ন পণ্য উপহার দেবে। পোশাক শিল্পের শ্রমিকদের প্রণোদনার টাকা দেয়া হলেও ট্যানারী শিল্পের শ্রমিকদের টাকা দিতে পারিনি। ট্যানারী শিল্পের শ্রমিকদের ডাটাবেজ না থাকায় তাদের সহায়তা করতে পারিনি, মাত্র ২২০ জন শ্রমিকের হাতে আমরা টাকা দিতে পেরেছি। এ খাতে কি শুধু এ কয়জন শ্রমিক কাজ করেন, প্রশ্ন করেন তিনি।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ বলেন, ট্যানারীতে স্থায়ী শ্রমিক বেশি আছে। অস্থায়ী শ্রমিকের প্রয়োজন হয় মাত্র তিন মাসের জন্য। কুরবানির পর আমাদের হাজার হাজার শ্রমিক প্রয়োজন হয়। তখন আমরা কিভাবে স্থায়ী শ্রমিক নেব। ট্যানারী খাতে আগেও অস্থায়ী শ্রমিক ছিল, আগামীতেও থাকবে।