ঈশ্বরদী থেকে সরাসরি ট্রেন যাবে কক্সবাজারে -রেলমন্ত্রী

ঈশ্বরদী থেকে সরাসরি ট্রেন যাবে কক্সবাজারে

পাবনা সংবাদদাতা: রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, যমুনা নদীর ওপর দিয়ে বঙ্গবন্ধু দ্বিতীয় রেল সেতু এবং ঈশ্বরদী-জয়দেবপুর পর্যন্ত ডাবল রেল লাইনের কাজ শেষ হলেই ঈশ্বরদী থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চালু করা হবে। রেলওয়েতে লোকবল সংকট আছে। পর্যায়ক্রমে এগুলো পূরণ করা হবে। যুগের সাথে তাল মিলিয়ে রেলওয়ের সমস্ত সমস্যার সমাধান করা হবে।

গতকাল শুক্রবার রেলের চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে খুলনা-মংলা বন্দর প্রকল্পে যাওয়ার পথে ঈশ্বরদী স্টেশনে বিরতীকালে সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের যে কয়েকটি প্রকল্প চলমান রয়েছে তার মধ্যে অন্যতম হলো খুলনা থেকে মংলা প্রকল্প সমুদ্র বন্দর পর্যন্ত যোগাযোগ। বৃটিশ আমল থেকেই খুলনা পর্যন্ত রেলপথ রয়েছে তবে মংলা পর্যন্ত ছিল না। প্রকল্পটি চলমান রয়েছে। সেই কাজের অগ্রগতি দেখতে যাচ্ছি। আমাদের বন্ধুপ্রতীম দেশ ভারতের ঋণে খুলনা থেকে মংলা সমুদ্র বন্দর রেলপ্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

তিনি আরও বলেন, কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী যমুনা সেতুর নদীর ওপরে দ্বিতীয় বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আশাকরি আগামী ২০২৪ সালের মধ্যে দ্বিতীয় রেলসেতু নির্মিত হবে। পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ওপরে যেমন পাশাপাশি দুটি রেললাইন রয়েছে। ঈশ্বরদী-জয়দেবপুর রুটে (ব্রডগেজ-মিটারগেজ) ডাবলগেজ রেললাইন নির্মিত হলে ট্রেন আসা যাওয়া সহজ হবে। যমুনা নদীর ওপর দ্বিতীয় রেলসেতু নির্মিত হওয়ার পর এই রুটে ডাবলগেজ রেললাইন করা হবে। ডাবল রেললাইন হলে ঈশ্বরদী থেকে জয়দেবপুর পর্যন্ত ক্রসিং ভোগান্তি ছাড়াই সহজে ট্রেন আসা যাওয়া করতে পারবে। ডাবল লাইন তৈরি হওয়া পর্যন্ত নতুন কোনো ট্রেন এই রুটে চলাচল করানো যাবে না। রেললাইন নির্মিত হলে বিভিন্ন রুটের সঙ্গে ঢাকার যোগাযোগ আরও বাড়ানো হবে।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আরও বলেন, এই রুটে আমাদের ২২টি ট্রেন আনা নেওয়ার কথা থাকলেও যাত্রীদের চাহিদার কারণে ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই ৪২টি যাত্রীবাহী ট্রেন আসা যাওয়া করছে। ঈশ্বরদী টু টঙ্গি পর্যন্ত সিঙ্গেল রেললাইন দিয়ে যাতায়াত করছে সব ট্রেন। ডাবল লাইন না থাকার কারণে প্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় এবং ট্রেন যাত্রীদের ভোগান্তি হচ্ছে। ঈশ্বরদীবাসীকে অপেক্ষা করতে হবে, যতদিন পর্যন্ত যমুনা নদীতে দ্বিতীয় সেতু এবং ডাবল লাইন নির্মিত না হচ্ছে।

আপনার মতামত