ভারত কেবল ঘেউ ঘেউ করতে পারে: চীনা গণমাধ্যম

Image result for global times china
ডেস্ক: চীনের সরকারি একটি পত্রিকা বলেছে, ভারত কেবল ঘেউ ঘেউ করতে পারে। কিন্তু চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করার ব্যাপারে তারা কিছুই করতে পারে না। আজ বুধবার গ্লোবাল টাইমসে প্রকাশিত এক উপ-সম্পাদকীয়তে এ কথা বলা হয়েছে। সম্প্রতি পাকিস্তানভিত্তিক সন্ত্রাসবাদীদের আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণার ভারতীয় উদ্যোগের বারবার বিরোধিতা করে আসছে চীন। বেইজিংয়ের এ ধরনের কর্মকাণ্ডে ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা চীনা পণ্য বয়কটের ডাক দিয়েছে।

এর সমালোচনা করে গ্লোবাল টাইমস বলেছে, চীনের পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় ভারতীয় পণ্য টিকতে পারে না। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে চীনা পণ্য বয়কটের ডাক জনগণকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা। এতে ভারতীয় প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পেরও সমালোচনা করা হয়। একে রীতিমতো ‘অবাস্তব’ বলে উল্লেখ করেছে পত্রিকাটি। সংবাদমাধ্যমটি চীনা কোম্পানিগুলোকে ভারতে বিনিয়োগ না করার আহ্বান জানিয়ে বলেছে, যেহেতু দেশটিতে চরমমাত্রায় দুর্নীতি রয়েছে এবং শ্রমিকরাও পরিশ্রমী নয়, তাই সেখানে বিনিয়োগ হবে আত্মঘাতী সিদ্ধান্ত।

ব্রিকস-বিমসটেকে পাকিস্তানকে একঘরে করার ধূর্ত চেষ্টা ভারতের:
ভারতের গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে প্রতিবেশী দেশকে ধূর্ততায় পরাস্ত করতে চেয়েছিল ভারত। পাকিস্তানকে আঞ্চলিকভাবে একঘরে করার চেষ্টা চালিয়েছিল দেশটি। চীনা গণমাধ্যম গ্লোবাল টাইমসের বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্থান টাইমস। প্রতিবেদনে বলা হয়, ব্রিকস সদস্যরা ইন্দো-পাকিস্তান উত্তেজনা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। কিন্তু সম্মেলনে ভারতের পাকিস্তানকে একঘরে করার একঘেয়েমিপনা বক্তব্য দেখা যায়।

এতে আরো বলা হয়, উরি হামলায় ১৯ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর ভারত ইসলামাবাদে সার্ক সম্মেলন বর্জন করায় তা স্থগিত হয়ে যায়। অন্যদিকে ভারত যে আঞ্চলিক গ্রুপের দেশগুলোর সাথে ইসলামাবাদে সম্মেলন করত তাদের থেকে পাকিস্তানকে বাদ দিয়ে বাকি দেশগুলোকে গোয়াতে একত্রিত করার বিরল সুযোগ পায়। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার মিলিত ব্রিকস সম্মেলনে প্রধান উদীয়মান অর্থনীতির দেশ (বিমসটেক) বাংলাদেশ, শ্রীলংকা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল, এবং ভুটানকে আমন্ত্রণ জানায় ভারত। ব্রিকস দেশের আয়োজক হওয়ার সুবাদে ভারত কৌশলগত সুবিধাও আদায় করে নেয়। সূত্র: গ্লোবাল টাইমস, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস।

আপনার মতামত