প্রবৃদ্ধি ৭.০৫ শতাংশ করতে বিনিয়োগ বাড়াতে হবে ৫ শতাংশ : ডিসিসিআই
ঢাকা: বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যবসায়ীদের সংগঠন ডিসিসিআই বলেছে, ২০১৬-১৭ অর্থ-বছরে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭.০৫ শতাংশ। তবে এ লক্ষ্য অর্জনের জন্য ২০১৫-১৬ অর্থবছরে বিনিয়োগ ২১.৭৮ শতাংশকে আগামী অর্থ-বছরে২৭শতাংশে উন্নীত করতে হবে।
এদিকে সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত সাত বছর ধরে বাংলাদেশে বিনিয়োগের হার ২১ থেকে ২২ শতাংশ বেশি হয় নি।
বৃহস্পতিবার বাজেট উপস্থাপনের পরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি(ডিসিসিআই)’র সভাপতি হোসেন খালেদ-এর সভাপতিত্বে ডিসিসিআই বোর্ড রুমে বাজেট নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিসিসিআই পরিচালনা পর্ষদের সদস্য ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাজেট প্রতিক্রিয়ায় ডিসিসিআই দাবি করেছে, ব্যবসা পরিচালনায় ব্যয় হ্রাসের উদ্যোগ গ্রহণের পাশাপাশি ট্যাক্স এবং ভ্যাট সংগ্রহের প্রক্রিয়ার সহজীকরন করতে হবে।
সংগঠনটি বলছে, ২০১৬-১৭ অর্থবছরে বিদ্যুৎ খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৩ হাজার ৪০ কোটি টাকা, যা গত অর্থবছরের চেয়ে ৫.২% কম। বিদ্যুৎ খাতে আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি স্থানীয় ভাবে বিদ্যুৎ উৎপাদন হ্রাসকৃত মূল্যে সরবরাহ করার প্রতি মনোযোগী হতে হবে।
এ অর্থবছরে বাজেট ঘাটতি ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা, যা মোট বাজেটের ৫%। সরকার এ ঘাটতি বাজেট মেটাতে গিয়ে ব্যাংক উৎস হতে ৩৮ হাজার ৯৩৮ কোটি টাকা ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে।