দেশে ওষুধের ৯৮ শতাংশের জোগান দেশ থেকেই: প্রতিমন্ত্রী
ঢাকা: বাংলাদেশে এখন ওষুধের যে চাহিদা তার ৯৮ শতাংশের জোগান দেশের কোম্পানিগুলোই দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির আয়োজনে সোমবার ঢাকার সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ ফার্মা: অতীত বর্তমান ভবিষ্যত’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্যে এই তথ্য জানান তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাহিদ মালেক বলেন, এমডিজি অর্জনে সফলতার জন্য বাংলাদেশে যে পুরস্কৃত হয়েছে তাতে প্রধান অবদান স্বাস্থ্য খাতের।
“দেশের ওষুধ কোম্পানিগুলো বর্তমানে দেশের ৯৮ শতাংশ ওষুধের জোগান দিচ্ছে। এ খাতটি বর্তমানে ১৬ শতাংশ হারে প্রবৃদ্ধি করছে।”
অনুষ্ঠানে সমিতির সভাপতি সংসদ সদস্য নাজমুল হাসান বলেন, বাংলাদেশের কোম্পানিগুলো এখন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের উন্নত প্রায় সব দেশে ওষুধ রপ্তানি করছে।
“দেশে বছর প্রায় ২২০ কোটি ডলারের ওষুধ উৎপাদন করছে। এটা বিদেশ থেকে আমদানি করতে হলে ৫ থেকে ৬ বিলিয়ন ডলারের প্রয়োজন হত।”
ওষুধ রপ্তানির জন্য আগামী বাজেটে প্রণোদনা দেওয়ার আহ্বান জানান এই সংসদ সদস্য।
বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির উপদেষ্টা ও বেক্সিমকোর কর্ণধার সালমান এফ রহমান এবং সমিতির মহাসচিব এসএম শফিউজ্জামান অনুষ্ঠানে ছিলেন।
অনুষ্ঠানের পর ভারতের কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিকের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।